ভারতের বাজারে আইফোন ফাইভ এর যাত্রা শুরু, মুল্য শুরু হচ্ছে ৪৫,৫০০ রুপি থেকে

(প্রিয় টেক) অবশেষে ভারতের বাজারে এসে পৌঁছলও অ্যাপলের সর্বশেষ আইফোন সংস্করণ আইফোন ফাইভ। নভেম্বর এর ২ তারিখ থেকে বাজারে আইফোন ফাইভ পাওয়া যাবে বলে জানিয়েছে ভারতে অ্যাপল পণ্যের পরিবেশক রেডিংটন। প্রতিষ্ঠানটি জানিয়েছে ভারতে ১৬ গিগাবাইটের প্রারম্ভিক-স্তরের মডেলটির মূল্য ৪৫,৫০০ রুপি, ৩২ গিগাবাইট ৫২,৫০০ রুপি এবং ৬৪ গিগাবাইটের মূল্য ৫৯,৫০০ রুপি হিসেবে নির্ধারণ করা হয়েছে।

ভারতে বর্তমানে দুইটি প্রতিষ্ঠান অ্যাপল পণ্য সরবরাহের অনুমোদন সংগ্রহ করেছে। রেডিংটন এবং ইনগ্রাম দুই সংস্থাই অবশ্য উন্মোচনের তারিখ হিসেবে ২ তারিখের কথা উল্লেখ করেছে। তবে মূল্য সম্পর্কে তথ্য প্রদান করেছে রেডিংটন।
সরবরাহকারীর মাধ্যমে পণ্য বিক্রয়ের এই সিদ্ধান্ত অ্যাপলের জন্য নতুন। প্রতিষ্ঠানটি সাধারণত টেলিযোগাযোগ প্রতিষ্ঠানের মাধ্যমেই তার আইফোন পণ্য বিক্রয় করে থাকে। আর সেই সুবাদে ভারতে ইতোপূর্বে আইফোন সরবরাহের দায়িত্বে ছিল এয়ারটেল এবং এয়ারসেল। কিন্তু এ বার অ্যাপল তার কৌশল পরিবর্তন করে রেডিংটন এবং ইনগ্রামকে আইফোন ফাইভ বাজারজাত করার অনুমোদন প্রদান করেছে।
আর এই সংবাদ জানতে পেরে ভারতের বেশিরভাগ মোবাইল পরিচালক প্রতিষ্ঠানগুলো আইফোন ফাইভের জন্য ন্যানো সিম সংগ্রহ করে রেখেছে বলে জানা গিয়েছে। এই ন্যানো সিম বর্তমানে শুধুমাত্র আইফোন ফাইভেই ব্যবহৃত হয়ে থাকে।











