আজ থেকে শুরু হল সারফেসের যাত্রা!

(প্রিয় টেক) আজ থেকে মাইক্রোসফট তার সারফেস নামক ট্যাবলেটের বিক্রয় কার্যক্রম শুরু করবে। স্থানীয় সময় রাত ১০ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের ৬০ টিরও বেশি দোকান এই ট্যাবলেটটি বিক্রয় করবে।

ক্লিয়ারভিউ প্রযুক্তি ভিত্তিক সারফেস ট্যাবলেটের স্ক্রিনের উজ্জ্বলতার ভূয়সী প্রশংসা করে প্রতিষ্ঠানটি। সম্প্রতি মাইক্রোসফটের একজন প্রকৌশল পর্দাটিকে আইপ্যাড অপেক্ষা ভালো বলে অভিহিত করলে বেশ একটা বিতর্কের সৃষ্টি হয়। কিন্তু তারপরেও সারফেসের পর্দাই ভালো বলে উল্লেখ করেছে মাইক্রোসফট।
২X২ মিমো প্রযুক্তি ভিত্তিক ওয়াইফাই ব্যবহার করার কারণে ওয়াইফাই পারফরমেন্স অত্যন্ত ভালো। এছাড়া ট্যাবলেটটির সাথে দেয়া হয়েছে ৩ মিলিমিটার পাতলা টাচ কভার যা একাধারে কভার এবং কিবোর্ড হিসেবে ব্যবহৃত হবে। কভারটি তিনটি চুম্বকের মাধ্যমে ট্যাবলেটের সাথে দৃঢ়ভাবে আটকে থাকবে আবার প্রয়োজনে অতি সহজে বিচ্ছিন্ন করা যাবে।

এই টাচ কভার ছাড়া কেউ সারফেস ট্যাবলেট ব্যবহার করবে বলে মনে করেন না সারফেস টিমের ব্যবস্থাপক থমাস পানে। কিন্তু তারপরেও প্রাথমিক স্তরের সারফেস আরটি মডেলের সাথে টাচ কভারটি থাকছে না। কেউ যদি এর সাথে টাচ কভার পেতে চায় তাহলে তাকে $১২০ মার্কিন ডলার অতিরিক্ত খরচ করতে হবে বলে জানায় মাইক্রোসফট। ৩২ গিগাবাইট স্টোরেজ এবং টাচ কভার ব্যতীত প্রারম্ভিক সংস্করণের মূল্য $৪৯৯ মার্কিন ডলার হিসেবে ধার্য করা হয়েছে। টাচ কভার সহ একই মডেলের মূল্য $৫৯৯, টাচ কভার সহ ৬৪ গিগাবাইট এর মূল্য $৬৯৯ মার্কিন ডলার ধার্য করা হয়েছে। শুধু টাচ কভারের মূল্য $১২০ মার্কিন ডলার আর ট্যাকটাইল ফিল টাইপ কভার কিবোর্ড এর মূল্য $১৩০ মার্কিন ডলার।
অ্যাপলের আইপ্যাড সহ বর্তমানে বাজারে যে সকল ট্যাবলেট রয়েছে সেগুলো থেকে মাইক্রোসফটের সারফেস ট্যাবলেট কিভাবে নিজের স্থান করে নিবে সে বিষয়ে জল্পনা-কল্পনা শুরু হয় অনেক আগে থেকেই। কিন্তু সত্যি কথা বলতে কি সারফেস ক্রয় যারা করবেন তারা আইপ্যাডের বিকল্প হিসেবে নয় বরং সম্পূর্ণ ভিন্ন কারণে করবেন।
মাইক্রোসফটের আশা সারফেস এবং এর উদ্ভাবনী কিবোর্ড ব্যবহার করে ডকুমেন্ট, ছবি এডিট সহ নানাধরনের কাজে মত্ত থাকবে ভোক্তারা। কিন্তু সারফেসকে ল্যাপটপ হিসেবে গণ্য করলেও ভুল হবে বলে মনে করছে প্রযুক্তি বিশেষজ্ঞরা। বিশেষ করে আরটি সংস্করণটি সনাতন অনেক উইন্ডোজ অ্যাপ যেমন চালাতে পারবে না আবার কিবোর্ড ছাড়াই ওয়েব পেজ ভ্রমণ এবং ভিডিও দেখা যাবে।

মাইক্রোসফট উইন্ডোজ প্রধান স্টিভেন সিনোফস্কি বলেন, "এটা কি একটা ট্যাবলেট? এটা কি একটা ল্যাপটপ? কোন শ্রেণীর মধ্যে ফেলবেন একে? এটা শুধু ট্যাবলেট নয়, আমার ব্যবহৃত সেরা ট্যাবলেট; এটা ল্যাপটপ নয়, আমার ব্যবহৃত সেরা ল্যাপটপ"
সারফেস এর মাধ্যমে মাইক্রোসফট যদি সফলতা পায় তাহলে ল্যাপটপ এবং ট্যাবলেটের মধ্যবর্তী নতুন একটি শ্রেণী তৈরি করতে হবে বলে মনে করা হচ্ছে।
গার্টনারের বিশেষজ্ঞ মাইকেল গার্টেনবার্গ এর মতে, কম্পিউটিংয়ের ক্ষেত্রে অ্যাপল আমাদেরকে যে স্বপ্ন দেখিয়েছে তা থেকে সারফেস সম্পূর্ণ আলাদা। সারফেস নতুন শ্রেণীর ডিভাইস। এটা মাইক্রোসফটের দৃষ্টিতে কম্পিউটারের বিবর্তন।"













