উন্মোচিত হল উইন্ডোজ এইট

PriyoTech's picture

(প্রিয় টেক) কয়েক বছরের নিরলস ডেভেলপমেন্টের পর মাইক্রোসফট তার উইন্ডোজ এইট এর বিক্রয় কার্যক্রম চালু করলো। মাত্র $৩৯.৯৫ মার্কিন ডলার এর বিনিময়ে বিশ্বের বিভিন্ন প্রান্তের আগ্রহী গ্রাহকেরা নতুন এই ওএস এ আপগ্রেড করতে পারবে। নিউ ইয়র্কে অনুষ্ঠিত উইন্ডোজ উন্মোচন অনুষ্ঠানে মাইক্রোসফট উইন্ডোজ প্রধান স্টিভেন সিনোফস্কি একে সর্বকালের সেরা উইন্ডোজ বলে উল্লেখ করেন।

তিনি জানিয়েছেন উন্মোচনের প্রাক্কালে বেটা অবস্থায় বিশ্বের ১৯০ টি দেশের ব্যবহারকারীরা ১.২ বিলিয়ন ঘণ্টা এই ওএসটি পরীক্ষামূলক ভাবে ব্যবহার করেছে।

নতুন ওএসটি বিশ্বের ১৪০ টি বাজারে এবং ৩৭ টিরও বেশি ভাষায় আজ থেকে পাওয়া যাবে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী স্টিভ বালমার উইন্ডোজ এইট পিসি সম্পর্কে পুরনো ধারণাকে ভেঙ্গে দিবে বলে উল্লেখ করেন।

প্রতিষ্ঠানটি উইন্ডোজ সেভেনের ব্যবসায়িক সাফল্য নতুন উইন্ডোজেও ধরে রাখতে পারবে বলে আশা করছে মাইক্রোসফট। মাইক্রোসফট গত তিন বছরে ৬৭০ মিলিয়ন উইন্ডোজ সেভেন লাইসেন্স ব্যবসায়িক এবং ভোক্তাদের কাছে বিক্রয় করে। অর্ধেকের বেশি এন্টারপ্রাইজ গুলো বর্তমানে উইন্ডোজ সেভেন ব্যবহার করে বলে জানিয়েছেন সিনোফস্কি।

ইতোমধ্যে ১ হাজার নতুন পিসিকে উইন্ডোজ এইট সমর্থন করবে বলে সনদ দেয়া হয়েছে। বিশ্লেষকদের পূর্বাভাস অনুযায়ী আগামী বছর বিশ্বব্যাপী ৪০০ মিলিয়ন পিসি বিক্রয় হবে। যার বেশির ভাগেই থাকবে উইন্ডোজ এইট। এর ফলে সাধারণ উইন্ডোজ ব্যবহারকারীর সংখ্যা দ্রুত বৃদ্ধি পেলেও এন্টারপ্রাইজ এবং কোম্পানিগুলো নতুন ওএসটি গ্রহণ করতে সময় নিবে।

ব্যবসায়িক বিশ্বে শুধু নিজের আধিপত্য রক্ষা নয় বরং সমসাময়িক এবং নতুন যুগের সাথে তাল মিলিয়ে চলার লক্ষ্য নিয়েই তৈরি করা হয়েছে উইন্ডোজ এইট।