বিটিআরসি'র চেয়ারম্যানের দায়িত্ব নিলেন সুনীল কান্তি বোস। নতুন সচিব পেল টেলিযোগাযোগ মন্ত্রণালয়

(প্রিয় টেক) টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কমিশনের (বিটিআরসি) নতুন চেয়ারম্যান হিসেবে যোগ দিয়েছেন সুনীল কান্তি বোস। এর আগে তিনি টেলিযোগাযোগ সচিবের পদ ত্যাগ করেন। তার স্থলাভিষিক্ত হয়েছেন পেট্রোবাংলার চেয়ারম্যান আবু বকর সিদ্দিক।

মঙ্গলবার সকালে বিদায়ী সচিব সুনীল কান্তি বোসের বিদায় সংবর্ধনা দেয় টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীরা। একই সঙ্গে গ্রহণ করে নেওয়া হয় নতুন সচিব আবু বকর সিদ্দিককে। এদিকে দুপুরের পরে আবার বিটিআরসিতে চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন সুনীল কান্তি বোস।
নতুন দায়িত্ব গ্রহণের পর বিটিআরসি'র ভাইস চেয়ারম্যান, সকল কমিশনার, মহাপরিচালক, পরিচালকসহ সর্বস্তরের কর্মকর্তারা তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি সকলের কাছে নতুন দায়িত্ব সুচারু ভাবে পালনের জন্যে সকলের সহযোগিতা কামনা করেন।
এর আগে গত ৯ সেপ্টেম্বর মেজর জেনারেল (অব.) জিয়া আহমেদের আকস্মিক মৃত্যুতে বিটিআরসি'র চেয়ারম্যানের পদ শূন্য হয়। তারপরপরই তখনকার টেলিযোগাযোগ মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু সুনীল কান্তি বোসকে নতুন চেয়ারম্যান হিসেবে পেতে প্রধানমন্ত্রীর কাছে চাহিদা পত্র দেন। তার চাহিদা পত্র অনুসারে সুনীল কান্তি বোস চেয়ারম্যান হলেও রাজিউদ্দিন আহমেদ তার পদ হারান।
রাজিউদ্দিন আহমেদের চাহিদাপত্রের এক সপ্তাহের মধ্যেই সুনীল কান্তি বোসের নতুন দায়িত্বের বিষয়টি চূড়ান্ত হয়ে যায়। তবে সচিব পদ থেকে পদত্যাগ করাসহ অন্যান্য আনুষ্ঠানিকতার জন্যে তার কিছু সময়ও প্রয়োজন ছিল।
আগামী ডিসেম্বরেই সুনীল কান্তি বোসের পদত্যাগ করার কথা ছিল। সেক্ষেত্রে নতুন দায়িত্ব পেতে দুই মাস আগেই পদত্যাগ করেন তিনি। এ নিয়ে সুনীল কান্তি বোস হলেন বিটিআরসি'র পঞ্চম চেয়ারম্যান। তবে ২০০১ সালে বিটিআরসি সৃষ্টির পর পরপর দুই জন সাবেক সচিব এর চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। মারগুম মোর্শেদ এবং ওমর ফারুকের পর জরুরী অবস্থায় এ পদ নিয়ে নেন সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তারা। জরুরী অবস্থায় ২০০৭ সালে প্রথমে মেজর জেনারেল (অব.) মঞ্জুরুল আলম বিটিআরসি'র চেয়ারম্যানের দায়িত্ব নেন। পরে আসেন জিয়া আহমেদ।
সনীল কান্তি বোস ১৯৭৯ সালে সিভিল সার্ভিসে যোগ দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিজ্ঞানে স্নাতক এবং মাস্টার্স করার পর পাকিস্তানের পেশোয়ার বিশ্ববিদ্যালয় থেকে ফরেস্ট্রি বিষয়ে দ্বিতীয় মাস্টার্স করেন তিনি। কর্মজীবনে বিআরটিএ ও বিআইডব্লিউটিএ-এর চেয়ারম্যান এবং ব্যান্সডকের পরিচালক ছিলেন। টেলিযোগাযোগ সচিব হওয়ায় তিনি সরকারের পাঁচটি টেলিযোগাযোগ কোম্পানির চেয়ারম্যানের দায়িত্বও পালন করেন।
এদিকে টেলিযোগাযোগ সচিব পদ থেকে বিটিআরসি'র চেয়ারম্যান পদে যোগ দেওয়ার সঙ্গে সঙ্গে মন্ত্রণালয়ে তার বিশ্বস্ত কর্মকর্তাদেরও বিটিআরসিতে নিয়ে আসার কাজ শুরু করেছেন সুনীল কান্তি বোস। সুনীল কান্তি বোসের একান্ত সচিব হিসেবে মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করা জহিরুল ইসলাম গত সোমবারই বিটিআরসিতে সহকারী পরিচালক হিসেবে যোগ দিয়েছেন। তবে এখানেও মূলত তিনি সুনীল কান্তি বোসের একান্ত সচিব হিসেবেই দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন।











