ভোগান্তিতে টেলিটকের গ্রাহকরা

(প্রিয় টেক) থ্রিজি নেটওয়ার্কে উন্নয়ন কাজের জন্য ভোগান্তিতে পড়েছে রাষ্ট্রায়ত্ব মোবাইল ফোন অপারেটর টেলিটকের বেশ কিছু গ্রাহক। টেলিটক সংযোগ ব্যবহারকারীদের অনেকেই অভিযোগ করেন, সোমবার মধ্যরাত থেকে তারা টেলিটক নম্বর থেকে ফোন দিতে পারছেন না। টেলিটকের সংযোগে অন্য অপারেটর থেকেও কল যাচ্ছে না।

তবে টেলিটকের মহা ব্যবস্থাপক (বিপণন) হাবিবুর রহমান দাবি করেন, থ্রিজি নেটওয়ার্ক উন্নয়নের কাজ চলায় সারা দেশের ১৫ থেকে ২০ হাজারের মত গ্রাহক এ সমস্যায় পড়েছে।
টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির হিসাবে গত আগস্ট মাস পর্যন্ত টেলিটকের গ্রাহক সংখ্যা প্রায় ১৪ লাখ।
হাবিবুর রহমান জানান, থ্রিজি নেটওয়ার্ক উন্নয়নের জন্য টেলিটক গত রাত থেকে কাজ শুরু করে। বর্তমানে যারা টু-জি সংযোগ ব্যবহার করছে তাদের থ্রি-জি নেটওয়ার্কে অন্তর্ভূক্ত করতেই এ কাজ শুরু করা হয়েছে। নেটওয়ার্ক উন্নয়নের পর যে কোনো টুজি গ্রাহক শর্ত পূরণ করে থ্রিজি সেবা পাবেন।
হাবিবুর বলেন, বিকেল নাগাদ এ সমস্যা সমাধান হয়ে যাবে।
গত ১৪ অক্টোবর দেশে প্রথমবারের মতো তৃতীয় প্রজন্মের (থ্রিজি) প্রযুক্তি সেবার কার্যক্রম শুরু করে রাষ্ট্রায়ত্ত্ব মোবাইল ফোন অপারেটর টেলিটক।
থ্রিজি প্রযুক্তির মাধ্যমে উচ্চ গতিতে তথ্য আদান-প্রদান সম্ভব বলে মোবাইল ফোনেই টিভি দেখা, উচ্চগতির ইন্টারনেট ব্যবহারসহ ভিডিও কনফারেন্সে অংশ নেওয়া সম্ভব।













