সিলিকন ভ্যালির বিস্ময়কর ভাতাঃ কেমন হয় যদি আপনার পরিবারকে নিয়ে চিন্তা করে অফিস?

(প্রিয় টেক)কেমন হয় যদি আপনার পরিবারকে নিয়ে চিন্তা করে অফিস? খুব কি অবিশ্বাস্য শোনাচ্ছে? সিলিকন ভ্যালি প্রযুক্তি কর্মীদের জন্য স্বর্গরাজ্য, এটা সর্বজন বিদিত! এখানকার কোম্পানিগুলোর বেতন, ভাতা এবং চাকুরীজীবীদের দেয়া সুবিধা সব কিছুই চমৎকার। তবে এবারে কর্মকর্তাদের জন্য দেয়া হয়েছে পূর্বের চেয়েও চমকপ্রদ ঘোষণা । ফেসবুক এবং এভারনোট সহ বিভিন্ন কোম্পানি থেকে এই বিস্ময়কর ঘোষণা দেয়া হয়। যুক্তরাষ্ট্রের প্রযুক্তি কর্মীদের জন্য এটি সুখবর বটে। বিশেষ করে এভারনোট-এ যারা কাজ করেন!

এভারনোটের প্রধান নির্বাহী ফিল লিবিন গত বছর তার স্ত্রীর কাছে পরামর্শ চান। সফটওয়্যার কোম্পানিগুলো কিভাবে তাদের কর্মকর্তা-কর্মচারীদেরকে পরিবারসহ উন্নত জীবনযাপনে সাহায্য করতে পারে- এটাই ছিল তার ভাবনা। লিবিনের স্ত্রীও এভারনোটেই কাজ করেন, তিনি পরামর্শ দেন গৃহ পরিষ্কার-পরিচ্ছন্নতায় কর্মকর্তাদেরকে সাহায্য করা যেতে পারে!
শুনতে খুব অবাক লাগছে, তাইনা? কিন্তু এটা বাস্তবে রূপ দিয়েছে এভারনোট। বর্তমানে এখানে কাজ করছেন ২৫০ জন স্থায়ী কর্মী। তাদের অভ্যর্থনাকারী থেকে শুরু করে শীর্ষ নির্বাহীদের সবার বাড়ি মাসে দুইবার অফিস থেকে বিনা খরচেই পরিষ্কার করে দেয়া হয়। যুক্তরাষ্ট্রে এটি সময় এবং ব্যয়বহুল কাজ। কর্মীদের ঝামেলা বাঁচাতে এবং জীবনদানের উন্নতিতে এটি বেশ সহায়ক হবে বলে এমন উদ্যোগ নেয়া হয়েছে।
আর সিলিকন ভ্যালির সর্বশেষ সংযোজন ফেসবুকের ঘোষণা। যা শুনলে আপনার মনে হবে কোম্পানি ভাতা এখন অফিসের চেয়ে যেন গৃহ-সম্পর্কিত একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে! ফেসবুকের যে সকল কর্মীরা নতুন বাবা-মা হচ্ছেন, তাদের জন্য ৪ হাজার ডলারের বিশেষ ভাতার ব্যবস্থা করা হয়েছে!
ডাক্তাররা যেন শান্তিতে কাজ করতে পারে সেজন্য 'স্ট্যানফোর্ড স্কুল অব মেডিসিন' একটি প্রকল্প চালু করেছে। তাদের গৃহ-পরিচ্ছন্নতা এবং বাসায় ডিনার সরবরাহ করার ব্যবস্থা নিয়েছে।
আর ‘জেনেনটেক’ তাদের কর্মকর্তাদেরকে সংকটপূর্ণ সময়ে বেবি সিটার খুঁজতে সাহায্য করবে এবং সেই সাথে থাকছে বাসায় ডিনার সরবরাহ করার ব্যবস্থা।
সিলিকন ভ্যালি ছাড়াও এধরণের উদ্যোগ নিয়েছে এবং নিচ্ছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান। কোম্পানিগুলো তাদের কর্মকর্তাদেরকে রেস্তোরার উচ্চমূল্য থেকে রক্ষা করছে। তাদের গৃহস্থালি চিন্তা কমিয়ে অফিসে মনোযোগী করবার জন্যই এত ব্যবস্থা। এভাবে সকল কর্মী এবং তাদের পরিবার থাকবে অনেকটাই ঝামেলা ও দুশ্চিন্তা মুক্ত। ফলে কাজের সময় সকল কর্মকর্তা আনন্দিত এবং চাপমুক্ত থাকবে, ফলে তাদের মনোযোগ এবং উৎপাদনশীলতা নিঃসন্দেহে বৃদ্ধি পাবে। ছোটখাটো পারিবারিক চিন্তায় এখন আর তাদের কর্মকর্তাদের সৃজনশীলতায় ব্যাঘাত ঘটাবে না।
কোম্পানিগুলোর এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার যোগ্য। এই চমৎকার উদ্যোগ নাড়া দিয়েছে যুক্তরাষ্ট্রের কর্পোরেট জগতে। আর তাই অনেকেই এখন তাদের কর্মকর্তাদের বাড়তি সুবিধা ও ভাতা দিতে আগ্রহী হচ্ছে।












