নারায়ণগঞ্জে অঙ্কুরের পেশাগত দক্ষতা উন্নয়নে আইসিটি বিষয়ক আয়োজন

PriyoTech's picture

(প্রিয় টেক) অঙ্কুর আইসিটি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ‘পেশাগত দক্ষতা উন্নয়নে আইসিটি’ বিষয়ক আয়োজন করে। গত ১৮ অক্টোবর ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ে দুইদিন ব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম শেষ হয়।

প্রশিক্ষণ কর্মশালা প্রতিদিন সকাল দশটা থেকে শুরু করে বিকেল চারটা পর্যন্ত চলে, এই সময়ে প্রশিক্ষকেরা বইটির অধ্যায়গুলো নিয়ে আলোচনা করেন। এছাড়া শিশির ২০১২ নিয়ে একটি সেশন বৃহস্পতিবার বিকেলে সমাপ্ত করা হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ‘পেশাগত দক্ষতা উন্নয়নে আইসিটি’ বইটির মূল উদ্দেশ্য হচ্ছে নারী শিক্ষার্থীদেরকে তাদের উপযুক্ত কর্মসংস্থান এবং এর সাথে সম্পৃক্ত কাজের পরিবেশের সাথে পরিচিত করে তোলা। এই বইয়ের মাধ্যমে কিভাবে কম্পিউটার এবং এর সাথে সম্পৃক্ত অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে দাপ্তরিক কাজগুলো অধিকতর দ্রুততা ও দক্ষতার সাথে করা যায় তাও জানা যাবে। প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির জন্য উপকরণসমূহের তাত্ত্বিক দিক নিয়ে আলোচনার পাশাপাশি এইসব উপকরণ প্রয়োগ করার প্রায়োগিক জ্ঞান সমন্বিতভাবে এই বই-এ সংযুক্ত করা হয়েছে।

আয়োজকদের পক্ষ থেকে আরো জানানো হয়, এজন্য বইটির সাথে দেয়া হয়েছে সাহায্য সহায়িকা হিসেবে একটি সিডি যাতে বইটির প্রায়োগিক দিকগুলো উপযুক্ত ও পর্যাপ্ত ছবির মাধ্যমে ধাপ অনুযায়ী সংযোজন করা হয়েছে। “শিশির ২০১২” হচ্ছে অপারেটিং সিস্টেম উবুন্টু ১২.০৪ এর উপর ভিত্তি করে তৈরি করা নতুন সংস্করণ যা পূর্বের সংস্করণের তুলনায় অনেক উন্নত এবং হালনাগাদকৃত।

শিশির-এ রয়েছে ওপেনঅফিস.অর্গ, ফায়ারফক্স এবং থান্ডারবার্ড এর হালনাগাদকৃত সংস্করণ (বাংলা বানান পরীক্ষকসহ), পিজিন, ভিএলসি মিডিয়া পে¬য়ার, গিম্প, স্কাইপি এবং অন্যান্য প্রয়োজনীয় অ্যাপি¬কেশন। শিশির-এর এই সংস্করণটি যে কেউ ইনস্টল করা ছাড়াই লাইভ ব্যবহার করতে পারবেন এবং ইচ্ছা করলে কম্পিউটারের হার্ডডিস্কে ইনস্টলও করে নিতে পারবেন।

উল্লেখ্য, অঙ্কুর একটি স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উন্নয়নে দীর্ঘদিন ধরে একনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে। সংগঠনটির মূল উদ্দেশ্য বাংলায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অবাধ ব্যবহার বাড়ানোর মাধ্যমে দেশকে সামাজিক, অর্থনৈতিক এবং ভাষাগতদিক থেকে সমৃদ্ধ করার লক্ষ্যে কাজ করে যাওয়া। অঙ্কুর শুরু থেকেই বাংলা ভাষা ও সংস্কৃতির সাথে মিল রেখে বিভিন্ন ওপেন সোর্স সফটওয়্যার (Open Source Software) স্থানীয়করণের কাজ করে আসছে।

প্রশিক্ষণ কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়। সার্টিফিকেট বিতরণ করেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আনোয়ার হোসেন। এছাড়াও উক্ত প্রশিক্ষণ চলাকালীন উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক, কম্পিউটার শিক্ষকগণ এবং অঙ্কুরের শিক্ষা বিশেষজ্ঞ, কর্মসূচি কর্মকর্তাবৃন্দ।

অঙ্কুর কর্তৃক সম্প্রতি প্রকাশিত পেশাগত দক্ষতা উন্নয়নে আইসিটি বই এবং শিশির ২০১২ অপারেটিং সিস্টেমের উপর শিক্ষক ও শিক্ষার্থীদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় এবং তা বিতরণ করা হয়।