ফাঁস হয়ে যাওয়া প্রতিবেদন অনুযায়ী গুপ্তচরবৃত্তিতে জড়িত নয় হুয়াওয়ে

(প্রিয় টেক) বিশ্বের সর্ববৃহৎ টেলিযোগাযোগ যন্ত্রাংশ নির্মাতা হুয়াওয়ে চীনের হয়ে গুপ্তচরের কাজ করছে এমন কোন প্রমাণ পায়নি মার্কিন সরকারের নিরাপত্তা পর্যালোচনাকারী। ১৮ মাস ব্যাপী পর্যালোচনার বিস্তারিত তথ্য বার্তা সংস্থা রয়টার্সের কাছে ফাঁস হয়ে যায় সেখানে চীনের সাথে এই প্রতিষ্ঠানের কোন সম্পর্ক রয়েছে কিনা সে তথ্যের চাইতে নিরাপত্তা ব্যবস্থায় থাকা দুর্বলতাগুলো আরো অনেক বেশী হুমকি স্বরূপ।

গত সপ্তাহে মার্কিন কংগ্রেশনাল প্রতিবেদনে সংবেদনশীল টেলিকম অবকাঠামো নির্মাণে চীনা সংস্থা হুয়াওয়ে এবং জেডটিই উৎপাদিত পণ্য ব্যবহারের ব্যাপারে সতর্ক করে দেয়া হয়।
গোপন এই তদন্তে হুয়াওয়ে তার ১ হাজারের মত টেলিযোগাযোগ যন্ত্রাংশ ক্রেতার সাথে কিভাবে কাজ করে তার বিস্তারিত তথ্য বিশ্লেষণ করার মাধ্যমে সংগঠিত হয়।
তদন্তের সাথে জড়িত ছিলেন এমন একজন সরকারী কর্মকর্তা রয়টার্সকে জানায়, "আমাদের জানা ছিল যে সরকারের একটি মহল সত্যিই সক্রিয় গুপ্তচর বৃত্তির প্রমাণ চাইছিল। যদি থাকত তাহলে অবশ্যই আমরা তা খুঁজে পেতাম।"
এদিকে হুয়াওয়ের মুখপাত্র বিল প্লামার বলেন, "এ ধরণের পর্যালোচনা সম্পর্কে হুয়াওয়ে ওয়াকিবহাল ছিল না, তবে হোয়াইট হাউজ কর্তৃক তদন্তের ফলাফলে গুপ্তচর বৃত্তি এবং অ-বাণিজ্যিক কর্মকাণ্ডের সাথে হুয়াওয়ে জড়িত রয়েছে এমন কোন প্রমাণ না পাওয়ার কথা শুনে আমরা বিস্মিত নই।"
তিনি আরো বলেন, "৩২ বিলিয়ন ডলার মূল্যের স্বাধীন বহুজাতিক প্রতিষ্ঠান হুয়াওয়ে কোন সরকার বা তৃতীয় পক্ষের জন্য নিজের সাফল্য এবং ক্রেতার নেটওয়ার্ক অখণ্ডতা বিপন্ন করবে না।"
জেডটিই'র ইউরোপ এবং উত্তর আমেরিকার জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট চু জিনি বলেন, "নিরাপত্তা বিষয়ক তদন্তগুলো শুধুমাত্র চীনা কোম্পানির উপর নিবদ্ধ করা উচিত নয়। এগুলি বিশ্ব পরিস্থিতির সমস্যা। এটি শুধু চীনা প্রতিষ্ঠানগুলোর জন্য নয় - বিশ্বব্যাপী এ সমস্যা বিরাজ করছে।"
এদিকে গত সপ্তাহে মালয়েশিয়ায় অনুষ্ঠিত এক সম্মেলনে নেটওয়ার্ক যন্ত্রাংশ নিরাপত্তা বিশেষজ্ঞ ফেলিক্স লিন্ডনার হুয়াওয়ে নির্মিত রাউটারে বহুধরণের দুর্বলতা খুঁজে পেয়েছেন বলে জানিয়েছেন। তার মতে সিসকোর রাউটার অপেক্ষা হুয়াওয়ে রাউটারের দুর্বলতা খুঁজে পাবার হার ৫ গুণ বেশি। এর জন্য অবশ্য তিনি দুর্বল কোডিংকে দায়ী করেছেন।
হুয়াওয়ে সম্পর্কে বিশ্বের বিভিন্ন দেশের মনোভাব বিভিন্ন রকম। কানাডা গত সপ্তাহে নিরাপদ জাতীয় নেটওয়ার্ক নির্মাণে সাহায্য করার জন্য নিলামে অংশ নিতে পারবে না বলে জানিয়েছে। আর যুক্তরাজ্যের কেবিনেট এর একজন মুখপাত্র প্রতিষ্ঠানটির নির্মিত যন্ত্রাংশ নিরাপত্তা হুমকি বলে প্রমাণ পাওয়া যায় নি বলে উল্লেখ করে।












