জিমেইল, ড্রাইভ এবং ক্যালেন্ডারকে সমন্বিত সার্চ সুবিধার সাথে যুক্ত করলো গুগল

(প্রিয় টেক) গত সোমবার থেকে গুগল পরীক্ষামূলক ভাবে সমন্বিত অনুসন্ধান ব্যবস্থা চালু করেছে। এই বৈশিষ্ট্যের ব্যবহার করে জিমেইল ব্যবহারকারীরা এখন থেকে এই ওয়েব ব্যবহার করে গুগল ড্রাইভ এবং গুগল ক্যালেন্ডারে থাকা তথ্য অনুসন্ধান করতে সক্ষম হবে।

এছাড়া গুগল.কম এ করা অনুসন্ধানে এখন থেকে জিমেইল থাকা বার্তা, এবং গুগল ড্রাইভে থাকা ডকুমেন্ট, স্প্রেডশিট ইত্যাদি ফলাফল পেজের ডান দিকে দেখাবে।
গুগলের সফটওয়্যার প্রকৌশলী ব্র্যাম মুলেনার এক ব্লগ পোস্টের মাধ্যমে বলেন, একজন ব্যবহারকারী যা কিছু খুঁজছে তা কোথায় রয়েছে সে সম্পর্কে চিন্তা-ভাবনা না করে বরং অতি সহজে এবং দ্রুত খুঁজে পাবার জন্য এই সিস্টেম তৈরি করা হয়েছে।
গুগল তার পরীক্ষামূলক কার্যক্রমটি প্রাথমিকভাবে অগাস্ট মাসে শুরু করে। সে সময় গুগল সার্চের সাথে জিমেইল সংযুক্ত করা হয়। ব্যবহারকারীদের অনুরোধের প্রেক্ষিতে আরো কিছু সেবাকে এর সাথে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।
তবে পরীক্ষামূলক সুবিধাটি শুধুমাত্র ইংরেজি ভাষা এবং @জিমেইল.কম ঠিকানা ব্যবহার করছে এমন ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত।
তবে মেইলবক্স এবং গুগলে ড্রাইভ অনুসন্ধানের সুবিধাটি অনেকের মধ্যে গোপনীয়তা রক্ষা বিষয়ে উদ্বেগ সৃষ্টি করেছে। সে হিসেবে গুগল একে অপশনাল সুবিধা হিসেবে যুক্ত করবে বলে মনে করা হচ্ছে।









