স্যামসাং এর চিপ ডিজাইনার জিম মেরগার্ড যোগ দিলেন অ্যাপলে

(প্রিয় টেক) অ্যাপলে যোগদান করলেন স্যামসাং এর চিপ ডিজাইনার জিম মেরগার্ড। অ্যাপলের ডিজাইন বিভাগ থেকে জিম কেলার এএমডিতে যোগদান করার ফলে পদটি শূন্য হয়ে যায়। জিম কেলার অ্যাপলের এ৪ এবং এ৫ এর নকশা করেছিলেন। এরপর সেখানে যোগদান করেন জিম মেরগার্ড।

ধারণা করা হচ্ছে জিম মেরগার্ড এর কর্মক্ষেত্র পরিবর্তন করার ফলে বিশ্বব্যাপী স্যামসাং এবং অ্যাপল এর মধ্যে চলমান পেটেন্ট যুদ্ধ আরো বেড়ে যাবে।
উল্লেক্ষ্য, এর আগে মেরগার্ড স্যামসাংয়ে যোগ দেয়ার আগে এএমডিতে কর্মরত ছিলেন। সেখানে তিনি প্রধান প্রকৌশলী এবং ভাইস প্রেসিডেন্ট এর দায়িত্ব পালন করেন।
এ সময় তিনি ব্যাপক জনপ্রিয় ব্রাজোস নামের চিপ নির্মাণ করে অনেক প্রশংসিত হন। ব্রাজোস নকশা করা হয়েছিল বাজার মূল্যের চেয়ে কম মূল্যে পোর্টেবল কম্পিউটারের জন্য। আর এ কারণে তার পরিচিতিও দ্রুত বৃদ্ধি পায়।
অ্যাপল মনে করছে চিপ নির্মাণে জিম মেরগার্ডের এমন অভিজ্ঞতা ও দক্ষতা তারা ভালো মতো কাজে লাগাতে পারবে। ওয়াল স্ট্রিট জার্নাল সূত্রে এমনটাই জানা গেছে। পত্রিকাটি বলছে, মেরগার্ড এর প্রশংসিত চিপ ডিজাইন অ্যাপলের ম্যাকিন্টোশ সিরিজের কম্পিউটারগুলোর জন্য অনেক কাজে আসবে।
তবে ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত ওই প্রতিবেদন সম্পর্কে অ্যাপল এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য দেয়নি।












