ইয়াহুতে যোগ দিলেন গুগলের আরেক ব্যবস্থাপক

(প্রিয় টেক) গুগলের আরেকজন ব্যবস্থাপককে নিজ দলে নিয়োগ প্রদান করলো সমস্যা কবলিত জনপ্রিয় ইন্টারনেট পোর্টাল ইয়াহু। প্রতিষ্ঠানটি তার প্রধান পরিচালক পদে হেনরি দে ক্যাস্ট্রোকে নিয়োগ প্রদান করেছে। কয়েক মাসের ব্যবধানে প্রতিষ্ঠানটি গুগলের দুই জন ব্যবস্থাপককে নিজের প্রতিষ্ঠানের শীর্ষ পদে নিয়োগ প্রদান করলো। ইতোপূর্বে প্রতিষ্ঠানটি গুগলের ম্যারিসা মেয়ারকে প্রধান নির্বাহী পদে নিয়োগ দান করে।
এক বিবৃতিতে জনপ্রিয় ওয়েব পোর্টালটি জানিয়েছে ক্যাস্ট্রো ইয়াহুর বিশ্বব্যাপী বিক্রয়, অপারেশন মিডিয়া এবং ব্যবসায়িক উন্নয়ন তত্ত্বাবধান করবে।

একসময় ইন্টারনেটে অনুসন্ধান এবং ইমেইল সুবিধা প্রদানের ক্ষেত্রে দিকপাল হিসেবে পরিচিত প্রতিষ্ঠানটি সম্প্রতি সমস্যায় কবলিত হলেও এখনো এই ক্ষেত্রে সেরা সংস্থাগুলোর একটি। প্রতিষ্ঠানটি গত কয়েক মাস যাবত নতুন ভাবে ফিরে আবার চেষ্টায় ব্যস্ত রয়েছে।
কিন্তু তারপরেও প্রতিষ্ঠানটি অনুসন্ধান সেবা প্রদানের ক্ষেত্রে গুগল অপেক্ষা পিছিয়ে রয়েছে। এছাড়া প্রতিষ্ঠানটি ফেসবুক এর মত জনপ্রিয় সামাজিক যোগাযোগ সাইটগুলোর জনপ্রিয়তা বৃদ্ধির কারণে ইমেইল ব্যবসাতেও ক্ষতির সম্মুখীন হয়েছে।
প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোর জনপ্রিয়তা ক্রমশ বৃদ্ধি পাওয়ার কারণে ইয়াহু তার পোর্টালে বিজ্ঞাপন দাতাদের আকৃষ্ট করতে ব্যর্থ হচ্ছে। মার্কিন অনলাইন বিজ্ঞাপন বাজারে গত বছর প্রতিষ্ঠানটির রাজস্ব আদায়ের পরিমাণ ৯.৫% কমে যায়।
তবে প্রধান নির্বাহী মেয়ার নতুন সিওও'র পূর্ব অভিজ্ঞতা প্রবৃদ্ধির ক্ষেত্রে বিশেষভাবে সহায়তা করবে বলে মনে করেন।
তিনি বলেন, ইন্টারনেট বিজ্ঞাপনের ক্ষেত্রে তার পূর্ব অভিজ্ঞতা এবং ব্যবসাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবার যে প্রচেষ্টা আমরা করছি সে প্রচেষ্টায় তার অভিজ্ঞতা ইয়াহুকে নানাভাবে সহায়তা প্রদান করবে।
ইউএস সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জের কাছে ইয়াহু যে নথী পেশ করেছে সে মোতাবেক ক্যাস্ট্রোর বাৎসরিক বেতন ৬ লক্ষ মার্কিন ডলার এবং বছরে ৯০% বোনাস হিসেবে পাবেন। এছাড়াও ইয়াহুতে যোগ দেবার এক সপ্তাহ পর এক মিলিয়ন মার্কিন ডলার নগদ অর্থ বোনাস এবং চার বছরের মেয়াদে ৫৬ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের সীমাবদ্ধ শেয়ার পাবেন।













