৩০ শতাংশ কর্মী ছাঁটাই করবে এএমডি

(প্রিয় টেক) বিশ্বব্যাপী পিসি বিক্রি কমে যাওয়ার কারণে অ্যাডভান্সড মাইক্রো ডিভাইস (এএমডি) প্রায় ৩০ শতাংশ কর্মী ছাঁটাই করার পূর্বাভাস দিয়েছে। আগামী ১৮ অক্টোবর প্রতিষ্ঠানটির তৃতীয় প্রান্তিকের আর্থিক ফলাফল প্রকাশ করার কথা। ধারণা করা হচ্ছে পিসি বিক্রি কম ও ট্যাবলেট বিক্রি বৃদ্ধির কারণে তাদের ১০ শতাংশ আয় কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর এমনটা ঘটলে তারা প্রতিষ্ঠানটির প্রায় ৩০ শতাংশ কর্মী ছাঁটাই করবে।

যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান গার্টনার জানিয়েছে, অর্থনৈতিক মন্দা, ট্যাবলেট ও স্মার্টফোন বিক্রি বৃদ্ধির কারণে বিশ্বব্যাপী পিসি বিক্রিতে ধ্বস নেমেছে। গত ১১ বছরের মধ্যে এবারই সর্বোচ্চ পর্যায়ের অবনতি ঘটছে। আর এভাবে চললে সবগুলো পিসি নির্মাতা প্রতিষ্ঠানগুলোর আয় কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে এএমডি এর এক কর্মী জানান, এবার প্রায় ২০ থেকে ৩০ শতাংশ কর্মী ছাঁটাই করা হবে। এ বছর এর আগেও একবার কর্মী ছাঁটাই করা হয়েছে এবং এবারই বড় সংখ্যার কর্মী ছাঁটাই করা হচ্ছে।
এদিকে এএমডি কর্তৃপক্ষ জানিয়েছে, তৃতীয় প্রান্তিকে আমাদের নিট লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে ৩১ শতাংশ যা আমাদের টার্গেটের তুলনায় ৪৪ শতাংশ কম।
কর্তৃপক্ষের এমন বিবৃতি দেওয়ার পর ফোর্ট পিটে ক্যাপিটাল গ্রুপের বিশ্লেষক কিম ফরেস্ট বলেন, এএমডির ব্যবসা সরাসরি পিসি মার্কেটের সঙ্গে কাজ করছে, তাদের এমন ঘোষণায় পিসি ব্যবসার সঙ্গে জড়িত কোম্পানিগুলোর শেয়ারের দাম কমে যেতে পারে।
এদিকে কিছুদিন আগে এএমডি থেকে কয়েকজন শীর্ষ কর্মকর্তা চলে গেছেন। লাগামহীন অবস্থায় থাকার কারণে প্রতিষ্ঠানটি অনেকটা বিপদের মুখে পড়েছে। ফলে এএমডির অনেক ক্রেতা এখন গ্রাফিক্স চিপ নির্মাতা এনভিডিয়া ও ইন্টেলের দখলে চলে গেছে।
পিসির পরিবর্তে ট্যাবলেট এবং স্মার্টফোনের প্রতি মানুষের ঝোঁকের কারণে এএমডি ও ইন্টেল বড় একটি পিসি বাজার হারাতে বসেছে। এছাড়া এএমডি এখন পর্যন্ত মোবাইল ডিভাইস কৌশলই ঠিক করতে পারেনি। গেল বছর ররি রিড এএমডির প্রধান নির্বাহী হিসেবে যোগদান করেছেন। এমন পরিস্থিতিয়ে তিনি আগামী মাসেই কর্মী ছাঁটাই সম্পর্কে ঘোষণা দিতে পারেন বলে জানা গেছে।












