অ্যামস্টারডামে এনটিএফটু বাংলাদেশ প্রকল্পের বিটুবি প্রোগ্রাম

dhrubo80's picture

(প্রিয় টেক) নেদারল্যান্ডের অ্যামস্টারডাম শহরে গত ১০ -১২, অক্টোবর অনুষ্ঠিত হলো জাতিসংঘের ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার (আইটিসি) আয়োজিত নেদারল্যান্ড ট্রাস্ট ফান্ড-২ (এনটিএফটু) বাংলাদেশ প্রকল্পের বিজনেস-টু-বিজনেস (বিটুবি) প্রোগ্রাম। নেদারল্যান্ড সরকারের অর্থায়নে এ প্রকল্পের আওতাধীন ১৩টি বাংলাদেশী আইটি এবং আইটিইএস কোম্পানী এই বিটুবি প্রোগ্রামে অংশগ্রহন করেছে। এবারের বিটুবি প্রোগ্রামের মূলভাব ছিল “এন্টারপ্রাইজ সফটওয়্যার সল্যুশন এন্ড ক্লাউড কম্পিউটিং”

১০ তারিখ অ্যামস্টারডামের ঝকঝকে সকাল যেন আমন্ত্রন জানালো বাংলাদেশী কোম্পানীর প্রতিনিধিদের। এইদিন দুপুরে নেদারল্যান্ডের স্থানীয় এবং বাংলাদেশী কোম্পানীর প্রতিনিধিদের অংশগ্রহনে আয়োজন করা হয়েছিল ক্লাউড কম্পিউটিং এবং অফসোর আউটসোর্সিং শীর্ষক একটি সেমিনার। ৪ ঘন্টাব্যাপী এই সেমিনারে বক্তব্য রেখেছেন একাধিক আইটি আউটসোর্সিং বিশেষজ্ঞগণ। উদ্বোধনী ভাষনে আউটসোর্সিং বিশেষজ্ঞ পল টিয়া আউটসোর্সিং শীর্ষক পরিচিতিমূলক বক্তব্য প্রদান করেন। আইটিসি-র অনলাইন মার্কেটিং এবং ডিজিটাল নেটওয়ার্ক উপদেষ্টা মার্টিন ল্যাবে তার বক্তব্যে বলেন, “ইউরোপীয়ান কমিশন ক্লাউড স্ট্র্যাটেজী এবং ক্লাউড মাইগ্রেশনে ৬০০ বিলিয়ন ডলারের বেশী বিনিয়োগের আশাবাদ ব্যক্ত করেছে। অফসোর আউটসোর্সিং-এর মাধ্যমেই এর বাস্তবায়ন ঘটবে এবং বাংলাদেশ থেকে যে ১৩টি কোম্পানী আজ এখানে এসেছেন তারা এই সুযোগটি গ্রহণ করতে পারবেন বলে আমি আশাবাদী”। সেমিনারে “বাংলাদেশে আউটসোর্সিং সম্ভবনা” শীর্ষক বক্তব্য রাখেন ডেটাসফট বাংলাদেশ লিঃ ডিরেক্টর মনজুর মাহমুদ।

পরদিন ১১ অক্টোবর সকাল থেকেই অ্যামস্টারডাম চেম্বার অফ কমার্সে শুরু হয় দিনব্যাপী মূল বিটুবি প্রোগ্রাম। নেদারল্যান্ডের ১৫টি আইটি এবং আইটিইএস কোম্পানীর সাথে বাংলাদেশী কোম্পানীর প্রতিনিধিদের প্রায় ৫০টি প্রাক-আয়োজিত বিটুবি মিটিং অনুষ্ঠিত হয়। বাংলাদেশ থেকে অংশগ্রহনকারী কোম্পানীগুলো হলো – এপ্রোসফট কন্সাল্টিং এন্ড ট্রেনিং, এটিআই, বিআইপিএল, ডেটাসফট বাংলাদেশ, গ্রামীন সলিউশন, আইব্যাকস, আইবিসিএস-প্রিম্যাক্স, ন্যাসেনিয়া আইটি, সিনেসিস আইটি, সিসটেক ডিজিটাল, দি ডেটাবিজ সিস্টেমস, টুগেদার ইনিশিয়েটিভ এবং আপলোড ইওরসেলফ লিঃ। বিকেলে অনুষ্ঠান শেষে সবাই বাসযোগে লিওয়ার্ডেন শহরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন।

শেষদিন ১২ অক্টোবর লিওয়ার্ডেনের অনুষ্ঠানটি একটু ভিন্নভাবে সাজানো হয়েছিল। ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আয়োজিত অনুষ্ঠানটির প্রথম পর্ব ছিল সেমিনার এবং দ্বিতীয় পর্ব ছিল বিটুবি মিটিং। এই অনুষ্ঠানে বাংলাদেশী কোম্পানীদের সাথে অংশগ্রহন করে ভারত থেকে আগত বিভিন্ন আইটি এবং আইটিইএস কোম্পানীর প্রতিনিধিরা। প্রথম পর্বের সেমিনারের বিষয় ছিলো “বাংলাদেশ ও ভারতে আউটসোর্সিং”। দ্বিতীয় পর্বে ১০টি নেদারল্যান্ডের আইটি এবং আইটিইএস কোম্পানীর সাথে বাংলাদেশী কোম্পানীর প্রতিনিধিদের প্রায় ২০টি প্রাক-আয়োজিত বিটুবি মিটিং অনুষ্ঠিত হয়। এর মাধ্যমেই শেষ হয় এনটিএফটু বাংলাদেশ প্রকল্পের তিনদিনব্যাপী বিটুবি প্রোগ্রাম।

উল্লেখ্য যে, এনটিএফটু বাংলাদেশ প্রকল্পটি গত ২০১০ সাল থেকে বাংলাদেশের ৪০টি আইটি এবং আইটিইএস কোম্পানিগুলোকে নেদারল্যান্ড, ডেনমার্ক, যুক্তরাজ্য, জার্মানির বিভিন্ন কোম্পানির সাথে আউটসোর্সিং ব্যবসায়িক সম্পর্ক স্থাপনে সহায়তা প্রদান করে আসছে। এ পর্যন্ত এই প্রকল্পের আওতায় দেশে-বিদেশে ৭টি বিটুবি প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। গত সেপ্টেম্বর মাসেও এই প্রকল্পের আওতায় ১২টি বাংলাদেশী কোম্পানী ডেনমার্কের কোপেনহেগেন বিটুবি প্রোগ্রামে অংশগ্রহন করেছিল।

এনটিএফটু বাংলাদেশ প্রকল্পের সার্বিক তত্ত্বাবধানে জাতিসংঘের ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার –এর সাথে বাংলাদেশের পক্ষে যৌথভাবে পার্টনারশিপ করছে ঢাকা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ (ডিসিসিআই) এবং বাংলাদেশ এসোসিয়েশন অফ সফটওয়ার এন্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)।

লেখকঃ মোঃ মাহফুজুল কাদের, এনটিএফটু কান্ট্রি প্রকল্প সমন্বয়ক, ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার