গত ১১ বছরে এই প্রথম কম্পিউটার বিক্রি কমেছে

(প্রিয় টেক) প্রযুক্তির অগ্রগতির সাথে সাথে আসছে নিত্য নতুন ডিভাইস। এই ডিভাইসের অনেকগুলোই আমাদের কম্পিউটারের প্রয়োজন আংশিকভাবে মেটায়। বিশেষ করে স্মার্ট ফোনের ব্যপক ভাবে প্রসারের ফলে তার প্রভাব পড়েছে কম্পিউটার বাজারে। গত ১১ বছরের মধ্যে এই প্রথম ২০১২ সালে কম্পিউটার বিক্রিতে ভাটা পড়েছে।
গত বছরে থেকে কম্পিউটারের বিক্রি কমতে শুরু করেছে। ২০১২ সালে গত বছরের তুলনায় প্রায় ১.২% কম কম্পিউটার বিক্রি হয়েছে। ২০১১ সাল জুড়ে ৩৫২.৮ মিলিয়ন ইউনিট কম্পিউটার বিক্রি হলেও ২০১২ সালে এই পরিমাণ হ্রাস হয়ে দাড়ায় ৩৪৮.৭ মিলিয়ন ইউনিট।

কম্পিউটার উৎপাদনকারী প্রতিষ্ঠানের মধ্যে শুধু মাত্র লেনোভো তাদের বিক্রি পূর্বের তুলনায় বাড়াতে পেরেছে। ২০১২ এর শুরুর দিকে ইন্টেলের বেশ কয়েকটি আলট্রা বুক বাজারে বেশ আলোড়ন তুলেছিল। ফলে সবাই ভেবেছিল বছরের শেষ পর্যন্ত বিক্রি বাড়বে। কিন্তু তা আর হয় নি।
২০১২-এর প্রথম তিন মাসের রিপোর্ট অনুসারে দেখা যায়, পিসির বিক্রি হার বাড়েনি। তবুও উৎপাদনকারী কোম্পানিসমূহ বিক্রি বৃদ্ধির ব্যাপারে আশাবাদী ছিলে। কিন্তু যখন তৃতীয় ত্রৈমাসিক রিপোর্টে বিক্রি বাড়ার কোন লক্ষণ প্রকাশিত হয়নি তখন প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো বিক্রি বৃদ্ধির আশা ছেড়ে দিয়েছে।
কম্পিউটার বিক্রি কমে যাবার কারণ হিসাবে বিশেষজ্ঞরা দুটি কারন সনাক্ত করেছেন।
১) অর্থনৈতিক মন্দার ফলে ব্যবহারকারীরা তাদের পুরাতন কম্পিউটারকে ব্যবহার উপযোগী করে নতুন বাজার থেকে দূরে থাকছেন।
২) স্মার্টফোনের ব্যাপক বিস্তৃতির ফলে ব্যবহারকারীরা কম্পিউটারের প্রতি কিছুটা আগ্রহ হারিয়ে ফেলেছেন।
যেখানে এক যুগ পূর্বে কম্পিউটার এবং কম্পিউটারই ছিল মানুষের একমাত্র অত্যাধুনিক ডিভাইস, সেখানে যুগের পরিবর্তনে বাজারে এসেছে অত্যাধুনিক স্মার্টফোন। এটি নিঃসন্দেহে ল্যাপটপের চাইতে আরও সহজে বহনযোগ্য। কাজেই এদিকে মানুষ স্বাভাবিক ভাবেই ঝুঁকবে বলে বিশেষজ্ঞদের ধারনা।












