আগামীকাল উন্মোচিত হচ্ছে স্যামসাং গ্যালক্সি এস-৩ মিনি

(প্রিয় টেক) সকল বিতর্কের অবসান ঘটিয়ে অবশেষে কাল জার্মানির ফ্রাঙ্কফুর্টে স্যামসাং গ্যালাক্সি এস-৩ মিনি উন্মোচিত হতে চলেছে। স্যামসাং মোবাইলের চীফ জেকে শিন জানান, বহুদিন ধরেই এই জনপ্রিয় স্মার্ট ফোনের ৪ ইঞ্চি ভার্সনের চাহিদা পরিলক্ষিত হচ্ছিল। স্যামসাং গ্যালাক্সি এস-৩ মিনি আসলে ৪.৮ ইঞ্চি ভার্সনের হুবহু ফিচার সমন্বিত মিনি ভার্সন।
গ্যালাক্সি এস-৩ ফোনের প্রায় সকল গুরুত্বপূর্ণ ফিচারই এই মিনি ভার্সনে সাপোর্ট করবে, শুধু আকারে ছোট হবে।
বিশেষ করে যারা ৪.৮ ইঞ্চি ভার্সন নিয়ে যাতায়াত করতে অসুবিধা বোধ করেন তাদের জন্য এটি দারুণ পছন্দনীয় হবে। শুধু কি তাই? এই ৪ ইঞ্চি সাইজ এখন অ্যাপল এর আইফোনের সাইজের সমান হবে।
স্যামসাং প্রধান জেকে শিন ইউরোপের বাজার সহ অন্যান্য বাজারে এই মিনি স্মার্ট ডিভাইসের ব্যাপকভাবে জনপ্রিয়তা পাবার আশাবাদ ব্যক্ত করেন। যদিও এই মিনি স্মার্টফোনের মূল্য সম্পর্কে এখন কিছু জানা যায় নি, তবে ৪.৮ ইঞ্চি ভার্সন আমেরিকার বাজারে এখন ২০০ ডলারে বিক্রি হচ্ছে।














