পল্লী বিদ্যুতের গ্রাহকরা বিল দিতে পারবেন এসএমএসে : চলতি মাসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

PriyoTech's picture

(প্রিয় টেক) বিদ্যুৎ বিল পরিশোধের ক্ষেত্রে আধুনিক সুযোগ-সুবিধার আওতায় আসছেন পল্লী বিদ্যুৎ গ্রাহকরা। এ মাসেই পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) আওতাধীন সব পল্লী বিদ্যুৎ সমিতিতে (পবিস) চালু হচ্ছে ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্র । একই সঙ্গে সব পবিসে এসএমএসের সাহায্যে বিদ্যুৎ বিল দেওয়ার সুযোগও চালু হচ্ছে। চলতি মাসের শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করতে পারেন বলে আরইবি সূত্র জানিয়েছে। এর ফলে বিদ্যুৎ বিল নিয়ে গ্রামের গ্রাহকদের দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে।

শহরের গ্রাহকদের হাতের নাগালেই বিদ্যুৎ বিল পরিশোধের ব্যবস্থা রয়েছে। ব্যাংক ছাড়াও রাজধানীর বিতরণ সংস্থার গ্রাহকরা মোবাইল ফোনের নির্দিষ্ট রিচার্জ সেন্টারে গিয়ে বিদ্যুৎ বিল জমা দিতে পারবেন। এক্ষেত্রে পল্লীর গ্রাহকরা এতদিন ছিলেন পিছিয়ে। শেষ পর্যন্ত তারাও এগিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে তিনটি পবিসের গ্রাহকরা মোবাইল ফোনে এসএমএস পাঠানোর সাহায্যে বিদ্যুৎ বিল পরিশোধের সুযোগ পাচ্ছেন। পবিসগুলো হলো কক্সবাজার, গাজীপুর ও ঢাকা-২ পবিস। এ ছাড়া যশোর-১ পবিসের আওতাধীন দুটি এবং নরসিংদী-২ এর চারটি ইউনিয়নে এ ধরনের তথ্য ও সেবাকেন্দ্র খোলা হয়েছে। আরইবি চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মঈন উদ্দিন বলেন, চলতি মাসের মধ্যে সব পবিসই এসব সুবিধার আওতায় আসবে। এর ফলে গ্রাহক সেবার ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন ঘটবে।

সূত্র জানায়, বর্তমানে দেশের চার হাজার ৫০১টি গ্রামে বিদ্যুৎ সরবরাহ করে ৭০টি পবিস। তিন পার্বত্য জেলা বাদে সব জেলাতেই পল্লী বিদ্যুৎ সমিতির কার্যক্রম রয়েছে। এ মাসে প্রথম পর্যায়ে আগামী ২০ অক্টোবরের মধ্যে ৭০টি পবিসে পাঁচ শতাধিক ইউনিয়নে তথ্য ও সেবাকেন্দ্র হচ্ছে। এর ফলে এসব কেন্দ্রে গিয়ে গ্রাহকরা মাত্র পাঁচ টাকা কমিশন দিয়েই তাদের বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন। শহরের ব্যাংকে গিয়ে গ্রাহকদের আর বিদ্যুৎ বিল দিতে হবে না। এতে গ্রাহকদের অর্থ এবং সময় দুই-ই বাঁচবে। পর্যায়ক্রমে অন্যান্য ইউনিয়নও এ সুবিধার আওতায় আসবে। তথ্যকেন্দ্র ছাড়াও মোবাইল ফোনের এসএমএসের সাহায্যে বিদ্যুৎ বিল পরিশোধের সুবিধা পাবেন গ্রাহকরা।

গ্রামের গ্রাহকরা নতুন বিদ্যুৎ সংযোগের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। ঢাকা-১ পবিসে এ ব্যবস্থা চালু হয়েছে। অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে এই পবিস গ্রাহকরা বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারেন। এ মাসে সব পবিসে অনলাইনে আবেদনের সুবিধা চালু হতে যাচ্ছে।