মোবাইল সিম ক্রয়ে জাতীয় পরিচয়পত্রের বিকল্প ব্যবস্থা সংযোজনের নির্দেশ

PriyoTech's picture

(প্রিয় টেক) মোবাইল ফোনের সিম কার্ড ক্রয়ে জাতীয় পরিচয়পত্রের পাশাপাশি বিকল্প হিসাবে অনান্য ব্যবস্থাও সংযোজন করতে বিটিআরসিকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি এম মোয়াজ্জাম হোসেন ও বিচারপতি মো. হাবিবুল গণি সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জনস্বার্থে করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।

একই সঙ্গে সিম কার্ড কেনার ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রের অনুলিপি সংযুক্তির বিধান সংশোধনে নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। আগামী চার সপ্তাহের মধ্যে টেলিযোগাযোগ সচিব ও বিটিআরসি চেয়ারম্যানকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

জানা গেছে, গত ২৭ সেপ্টেম্বর বিটিআরসি মোবাইল ফোনের সিম কিনতে ইচ্ছুক ব্যক্তির জাতীয় পরিচয়পত্রের অনুলিপি বাধ্যতামূলকভাবে রেজিষ্ট্রেশন ফর্মের সঙ্গে সংযুক্ত করতে মোবাইল অপারেটরদের নির্দেশ দেয়। বলা হয়, বিটিআরসি জাতীয় পরিচয়পত্র অনুসারে গ্রাহককে সনাক্ত করতে পারলেই ক্রয় করা সিম চালুর নির্দেশ দেওয়া হবে। এই পদ্ধতিটি আগামী ১২ অক্টোবর থেকে কার্যকর হওয়ার কথা। কিন্তু বিটিআরসির সিদ্ধান্ত কার্যকর হওয়ার মাত্র তিন দিন আগে রোববার হাইকোর্টে রিট দায়ের করেন আইনজীবী মোমিনুল ইসলাম চৌধুরী। রিট আবেদনে বিটিআরসির সিদ্ধান্ত চ্যালেঞ্জ করা হয়।

আদালতে শুনানি করেন রিটকারী পক্ষে আইনজীবী অনীক রুশদ হক ও ইমরুল কায়েস এবং সরকার পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র সরকার।

রিটকারীর আইনজীবী অনীক রুশদ হক বলেন, রিটকারী মোমিনুল ইসলাম ৬ মাস আগে জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেও তা পাননি। জাতীয় পরিচয়পত্র আইন অনুসারে পরিপূর্ণ জাতীয় ডাটাবেজ তৈরি হওয়ার পূর্বে তাকে বাধ্যতামূলক করে কোনো নাগরিককে কোনো সেবা থেকে বঞ্চিত করা যাবে না। কিন্তু বিটিআরসি বিকল্প ব্যবস্থা না রেখেই শুধুমাত্র জাতীয় পরিচয়পত্রের ভিত্তিতে মোবাইল সিম ক্রয়ের সার্কুলার জারি করেছে। এর ফলে যাদের জাতীয় পরিচয়পত্র নেই তারা মোবাইল সার্ভিসের সেবা থেকে বঞ্চিত হবেন।