হুয়াওয়ে এবং জেডটিই মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য নিরাপত্তা হুমকি

(প্রিয় টেক) মার্কিন কংগ্রেসের একটি কমিটি চীনা টেলিযোগাযোগ প্রতিষ্ঠান হুয়াওয়ে এবং জেডটিই বিষয়ে দীর্ঘ ১১ মাস তদন্ত করার পর মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য নিরাপত্তার হুমকি স্বরূপ বলে সিদ্ধান্ত প্রদান করেছে। কমিটি তার প্রতিবেদনে প্রতিষ্ঠান দুটিকে মার্কিন কোন কোম্পানির সাথে মার্জার বা অধিগ্রহণ করতে না দেবার জন্য সুপারিশ প্রদান করে।

প্রতিবেদনে চীনা প্রতিষ্ঠান দুইটি মার্কিন তদন্তকারী দলকে সহায়তা না করা এবং চীনা সরকার এবং সামরিক বাহিনীর সাথে থাকা সম্পর্কের ব্যাপারে ব্যাখ্যা প্রদান করতে ব্যর্থ হয়েছে বলে দাবী জানিয়েছে। এছাড়া কমিটি হুয়াওয়ের ক্ষেত্রে ঘুষ দেয়া, দুর্নীতি, বৈষম্যমূলক আচরণ এবং কপিরাইট লঙ্ঘন ইত্যাদি অভিযোগে অভিযুক্ত করেছে।
চীন যে কোন পন্থায় এই টেলিযোগাযোগ প্রতিষ্ঠান দুটিকে ক্ষতিকর কাজে ব্যবহার করতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
“গোপন এবং প্রকাশিত তথ্যের ভিত্তিতে হুয়াওয়ে এবং জেডটিইকে কোন মতেই বিদেশী রাষ্ট্রের প্রভাব মুক্ত বলে বিশ্বাস করা যাচ্ছে না বিধায় তারা মার্কিন যুক্তরাষ্ট্র এবং আমাদের সিস্টেমের জন্য ক্ষতিকর বলে বিবেচিত।”
হুয়াওয়ে এবং জেডটিই প্রতিষ্ঠান দুইটি মার্কিন যুক্তরাষ্ট্রের এই অভিযোগ পূর্বে অস্বীকার করেছে।
এদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্রকে এই দুই সংস্থা সম্পর্কে থাকা পূর্বধারণা পরিত্যাগ করার আহ্বান জানিয়েছেন।












