আইফোন ফাইভের বেগুনী ছটা সম্পর্কে মুখ খুললো অ্যাপল

(প্রিয় টেক) আইফোন ফাইভের বিক্রয় কার্যক্রম শুরু হবার কয়েক দিনের মধ্যেই বেশ কিছু ব্যবহারকারী ফোনটির ক্যামেরা দ্বারা উত্তোলিত ছবির ধারগুলোতে বেগুনি রঙের ছটা দেখা যাচ্ছে বলে অনুযোগ করে।

বেশির ভাগ সময় ছবি তোলার সময় সন্নিকটে কোন আলোর উৎস থাকলে এই সমস্যাটি লক্ষ্য করা যায়। অবশ্য ফ্রেমে আলো না থাকলেও এই সমস্যা লক্ষ্য করা গিয়েছে। সমস্যাটি ছবি এবং ভিডিও উভয় ক্ষেত্রের জন্য প্রযোজ্য
আইফোন ফাইভের এই সমস্যা সম্পর্কে একজন ব্যবহারকারী অ্যাপলকেয়ারে অনুযোগ করলে সেখানকার একজন মুখপাত্র এই ডিভাইসের ক্যামেরার জন্য "ব্যাপারটা স্বাভাবিক" বলে উল্লেখ করে এবং বলে, "আমাদের ইঞ্জিনিয়ারিং টিম কিছুক্ষণ আগে আমাকে এই তথ্য দিয়েছে এবং আমরা আপনাকে ছবি তোলার সময় উজ্জ্বল আলোর উৎস থেকে ক্যামেরাটি দূরে রাখার জন্য একে কোণাকুণি ভাবে ধরার পরামর্শ দিচ্ছি।"
অ্যাপলকেয়ারের মুখপাত্রের পরামর্শটি প্রাথমিকভাবে ব্যক্তিগত পর্যায়ের হলেও পরবর্তীতে আইফোন নির্মাতা পাবলিক সাপোর্ট ডকুমেন্ট এর মাধ্যমে সমস্যাটি মোকাবেলার জন্য একই ধরণের পরামর্শ প্রদান করেছে।













