ফক্সকনে আবার ধর্মঘট, ফক্সকনের অস্বীকার

(প্রিয় টেক) চীনা মোবাইল ডিভাইস নির্মাতা ফক্সকনের উৎপাদন কেন্দ্রে আবার গণ্ডগোল শুরু হয়েছে। শুক্রবার প্রতিষ্ঠানটির হাজার হাজার শ্রমিক ধর্মঘট ডেকেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিষ্ঠানটির ঝেংঝো উৎপাদন কেন্দ্রের শ্রমিকেরা বিভিন্ন দাবী আদায়ের লক্ষ্যে ধর্মঘট করছে। ধর্মঘটের কারণে আইফোন ফাইভ এর উৎপাদন বন্ধ হয়ে যেতে পারে বলে ধারনা করা যাচ্ছে।

মাত্র এক সপ্তাহ আগে উন্মোচনের পর এ ধরনের একটি ঘটনা অ্যাপলের জন্য দুঃসময় হিসেবে বিবেচিত হতে পারে। প্রতিষ্ঠানটি ইতোমধ্যে সরবরাহ বজায় রাখতে গিয়ে হিমসিম খেয়ে যাচ্ছে বলে জানিয়েছে বিশ্লেষকেরা।
চায়না লেবার ওয়াচের দেয়া তথ্যানুযায়ী নতুন একটি নিয়মের প্রতিবাদে তিন থেকে চার হাজার শ্রমিক উৎপাদন লাইন থেকে সরে দাঁড়ায়। নতুন নিয়মটি পণ্যের মান রক্ষা সংক্রান্ত বলে জানা গিয়েছে। নতুন নিয়ম অনুযায়ী উৎপাদিত পণ্যে ০.০২মিমি বাহ্যিক খুঁত থাকতে পারে। এর বেশি হলে তা মানসম্মত নয় বলে বিবেচিত হবে।
প্রতিষ্ঠানে কর্মরত ইয়ুফিডাও বলেন, গুণগত মান রক্ষার এত কঠোর নিয়ম মেনে চলে কাজ করা কঠিন। এই ০.০২ মিমি বাহ্যিক খুঁত আবিষ্কার করার নিয়মটি আমাদের দৃষ্টি শক্তির সীমাকে অতিক্রম করছে। এর ফলে শ্রমিকদের মানসিক চাপ অত্যন্ত বেড়ে যাবে।
চায়না লেবার ওয়াচ অবশ্য জানিয়েছে শুধু কঠোর মান নিয়ন্ত্রণের জন্য নয় বরং লক্ষ্যমাত্রা পূরণের জন্য ছুটির দিনগুলোতে এবং চীনের জাতীয় দিবসে কাজ করার দাবীর প্রতিবাদ স্বরূপ শ্রমিকেরা ধর্মঘট করছে।
এদিকে ফক্সকন চায়না লেবার ওয়াচের এই দাবী অস্বীকার করেছে এবং জানিয়েছে তারা সময়মত অ্যাপলের পণ্য সরবরাহ করতে সক্ষম।
প্রতিষ্ঠানটি জানিয়েছে উৎপাদন কেন্দ্রটি স্বল্প সময়ের জন্য বেশ কিছু দিন আগে ছোট্ট দুটি সমস্যার সম্মুখীন হয়। এক ইমেইল বিবৃতির মাধ্যমে প্রতিষ্ঠানটি জানিয়েছে, কর্মীরা ধর্মঘট করছে এ তথ্য সঠিক নয়, উক্ত উৎপাদন কেন্দ্রে অথবা ফক্সকনের অন্যকোন উৎপাদন কেন্দ্রে কাজ থেমে যাবার মত কোন ঘটনা ঘটেনি এবং নির্ধারিত সময়ের মধ্যেই তা শেষ হবে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে আইন অনুযায়ী চীনের জাতিয় দিনে যে সকল শ্রমিক কাজ করেছে তারা স্বেচ্ছায় করেছে এবং এ জন্য তিনগুণ বেশি বেতন পেয়েছে।
অ্যাপল ছাড়াও এই চীনা নির্মাতা হিউলেট প্যাকার্ড, নোকিয়া এবং ডেলের পণ্য নির্মাণ করে।












