অবশেষে মাইক্রোসফটের বিরুদ্ধে জয় লাভ করলো মটোরোলা মোবিলিটি

PriyoTech's picture

(প্রিয় টেক) পেটেন্ট মামলায় মটোরোলা মোবিলিটির ভাগ্যটা খুব একটা ভালো বলে মনে হচ্ছে না। গত কয়েক মাসে বেশ কটি মামলায় গুগলের এই অঙ্গসংগঠনটি পরাজিত হয়। কিন্তু এ অবস্থার পরিবর্তন হচ্ছে বলে মনে হচ্ছে। সম্প্রতি বিরল এক জয়ের সম্মুখীন হয়েছে প্রতিষ্ঠানটি। জার্মান আদালতে মাইক্রোসফট এবং মটোরোলা মধ্যে যে পেটেন্ট যুদ্ধ চলছিল তাতে আদালত মটোরোলা মাইক্রোসফটের পেটেন্ট ভঙ্গ করেনি বলে রায় দিয়েছে।

পেটেন্টটি বিভিন্ন মোবাইলে অ্যাপ্লিকেশন চালানোর জন্য ভিন্ন ভিন্ন কোডের প্রয়োজন না থাকা প্রযুক্তি সংক্রান্ত।

মটোরোলা মোবিলিটির পক্ষে রায় হওয়ায় তারা আনন্দিত বলে উল্লেখ করেছে প্রতিষ্ঠানটি।

জার্মান আদালতে প্রতিষ্ঠানটির অভিজ্ঞতা মোটেই সুখকর নয়। মাইক্রোসফটের সাথে কিবোর্ড সফটওয়্যার, ফাইল অ্যালোকেশন টেবিল এবং ওয়েব ভিডিও এনকোডিং সংক্রান্ত মামলাগুলোতে মটোরোলা পরাজয় বরণ করে নেয়।

বিস্ময়কর ব্যাপার হচ্ছে পেটেন্টের কারণেই গুগল মটোরোলা মোবিলিটিকে $১২.৫ বিলিয়ন ডলারের বিনিময়ে অধিগ্রহণ করে। কিন্তু মটোরোলার অধীনে থাকা ১৭ হাজারের মত পেটেন্ট প্রতিষ্ঠানটিকে মাইক্রোসফটের কাছ থেকে রক্ষা করতে পারছে না।