অ্যাপলের বিরুদ্ধে পেটেন্ট মামলা তুলে নিল মটোরোলা

PriyoTech's picture

(প্রিয় টেক) কোনো ব্যাখ্যা ছাড়াই অ্যাপলের বিরুদ্ধে করা পেটেন্ট লঙ্ঘনের অভিযোগ তুলে নিয়েছে গুগলের মালিকানাধীন প্রতিষ্ঠান মটোরোলা মোবিলিটি।

সোমবার আন্তর্জাতিক ট্রেড কমিশনের কাছে পাঠানো এক সংক্ষিপ্ত বিবরণীর মাধ্যমে জানায় প্রতিষ্ঠানটি অ্যাপলের বিরুদ্ধে আনা সাতটি পেটেন্ট লঙ্ঘনের অভিযোগ কোন দাবী ছাড়াই তুলে নিয়েছে।

অ্যাপল এ ব্যাপারে কোনো মন্তব্য না করলেও গুগল শক্তভাবে নিজের অংশীদারদেরকে রক্ষা করবে বলে জানায়।

২০১০ সাল থেকে অ্যাপল এবং গুগল আন্তর্জাতিক পর্যায়ে পেটেন্ট যুদ্ধে জড়িত রয়েছে। অ্যানড্রয়েডের বিস্তার রোধের জন্য অ্যাপলের এই যুদ্ধ বর্তমানে স্যামসাং, এইচটিসি এর মত অ্যানড্রয়েড ব্যবহারকারীদের মধ্যেও ছড়িয়ে পরেছে।

গত আগস্টে গুগল এবং অ্যাপলের প্রধান নির্বাহী সহ উচ্চ পদস্থ কর্মকর্তারা তাদের মামলা নিষ্পত্তির জন্য আলোচনা চালাচ্ছে বলে খবর প্রকাশিত হয়। কিন্তু পরবর্তীতে গুগল জানিয়েছে, এই তদন্তের বিষয় বস্তু সম্পর্কে কোন লিখিত বা মৌখিক, প্রকাশ্যে বা গোপনে কোন ভাবেই অ্যাপল এবং মটোরোলার মধ্যে কোন ধরণের চুক্তি হয়নি।

ফ্লোরিয়ান মূলার ব্লগ পোস্টের মাধ্যমে প্রথম এই মামলা তুলে নেয়ার সংবাদ প্রকাশ করেন। তার মতে মামলাটি পূর্বের করা আরেকটি মামলার সাথে যেন একত্রিত না হয়ে যায় সে কারণে এই মামলাটি তুলে নিয়েছে গুগল। ফলে পূর্বের মামলাটি এখন ধীর গতির হয়ে যাবে বলে মনে করেন তিনি।