বিদ্যুৎ না পাওয়ায় টেলিটকের হাজার কোটি টাকার যন্ত্রপাতি পড়ে আছে

(প্রিয় টেক) অনেক আবেদন নিবেদনের পরেও বিদ্যুৎ না পাওয়ায় টেলিটকের হাজার কোটি টাকার যন্ত্রপাতি পড়ে আছে। ফলে রাষ্ট্রায়াত্ত্ব মোবাইল ফোন অপারেটরটি নেটওয়ার্ক বিস্তার করতে পারছে না। দফায় দফায় আবেদন করলেও বিদ্যুতহীন রয়েছে তাদের বেজ ট্রান্সরিসিভার স্টেশন (বিটিএস) বসানোর কাজ। থমকে আছে পুরো প্রক্রিয়া। এরফলে নতুন আরো দুই হাজার ১৬০টি বিটিএস পড়ে থাকছে। তাতে করে হাজার কোটি টাকায় আমদানি করা যন্ত্রপাতি কোনো কাজেই লাগছে না। উপরন্তু দীর্ঘদিন অব্যবহৃত অবস্থায় থাকলে যন্ত্রপাতির ক্ষতি হতে পারে বলেও আশঙ্কা করছে টেলিটক কর্তৃপক্ষ।

এ বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়ে আরইবি’কে চিঠি লেখা হয়েছে বলে জানিয়েছেন টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক জনাব মুজিবুর রহমান। তিনি বলেন, টেলিটক বিষয়টি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রনালয়কে জানিয়েছে। পরে সেখান থেকে বিদ্যুৎ ও জ্বালানী মন্ত্রনালয়কে এ বিষয়ে চিঠি লেখা হয়েছে।
তিনি জানান, সঠিক সময়ে বিদ্যুৎ না পাওয়ায় তাদের পক্ষে নতুন করে গ্রাহক বাড়ানোর কার্যক্রম হাতে নেওয়া সম্ভব হচ্ছে না। তাছাড়া সামনে যেহেতু টেলিটক তৃতীয় প্রজন্মের (থ্রি জি) মোবাইল প্রযুক্তির সেবা দিতে যাচ্ছে সেক্ষেত্রেও সঠিক পরিকল্পনা নিতে পারছেন না তারা। একই সঙ্গে যে সব এলাকায় টেলিটকের নেটওয়ার্কে সমস্যা রয়েছে সেখানকার গ্রাহকদের সমস্যার মধ্যেই থাকতে হচ্ছে।
এর আগে ২০১০ সালেও একবার একই পরিস্থিতির সম্মুখীন হয় টেলিটক। তখন মাত্র ১১৬টি বিটিএসের জন্যে বিদ্যুৎ সংযোগ চাইলেও প্রায় এক বছর বসে থাকতে হয় তাদের। তখনকার টেলিযোগাযোগ মন্ত্রী কয়েকবার অনুরোধ করেও তখন টেলিটকের জন্যে বিদ্যুৎ আনতে পারেননি।
জানা গেছে, নতুন বিটিএসগুলোর মধ্যে কয়েকশ রয়েছে ঢাকার জন্যে। কিন্তু এখানে বিদ্যুৎ সংযোগেরও আগে বিটিএস বসানোর জায়গা নিয়েও অনেক সমস্যার সম্মুখিন হচ্ছেন তারা। তবে যে সব এলাকায় জায়গা মিলেছে সেখানে বিদ্যুৎ মিলছে না।
টেলিটক জানিয়েছে, থ্রি জিকে সামনে রখে ঢাকায় ইতিমধ্যে ৩২৮টি বিটিএসে নতুন প্রযুক্ত বসানোর কাজ শেষ করেছেন তারা।
এবিষয়ে পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক বেলায়েত হোসেন চৌধুরী প্রিয়.কম-কে বলেন, তারা সকল গ্রাহককেই সমান গুরুত্ব দিয়ে বিদুতের নতুন সংযোগ দিচ্ছেন। ইচ্ছাকৃতিভাবে কাউকে খাটো করা বা অন্য কোনো কারণে কাউকে দমিয়ে রাখার সুযোগ এখানে নেই। আগে আসলে আগে পাবেন ভিত্তিকে দেওয়া হচ্ছে সংযোগ। তবে অনেক দিন সংযোগ বন্ধ থাকায় কিছুটা জট লেগে গেছে বলেও দাবি করেন তিনি।













