গ্যালাক্সি ট্যাব ১০.১ এর সাময়িক নিষেধাজ্ঞা পুনঃবিবেচনা করার আদেশ দিল আপিল আদালত

PriyoTech's picture

(প্রিয় টেক) মার্কিন বাজারে স্যামসাং এর গ্যালাক্সি ট্যাব ১০.১ ট্যাবলেট বিক্রয়ের উপর যে সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল তা বলবত থাকবে না বাতিল হয়ে যাবে সে ব্যাপারে সিদ্ধান্ত নিবেন বিচারক লুসি কোহ। নতুন এক রায়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল আপিল আদালত স্যামসাং গ্যালাক্সি ট্যাব ১০.১ এর বিক্রয় নিষেধাজ্ঞা বলবৎ থাকবে না তুলে নেয়া হবে সে সিদ্ধান্ত নিম্ন আদালতের বিচারকের নেয়া উচিত বলে উল্লেখ করে।


অ্যাপলের আইপ্যাড এর সামনে স্যামসাং গ্যালাক্সি ট্যাব ১০.১

গত জুন মাসে স্যামসাংয়ের সেরা ট্যাব হিসেবে পরিচিত গ্যালাক্সি ট্যাব ১০.১ এর উপর সাময়িক বিক্রয় নিষেধাজ্ঞা জারি করা হয়। সে সময় অবশ্য ধারনা করা হয়েছিল যদি স্যামসাং অ্যাপলের ডি’৮৮৯ ট্যাবলেট ডিজাইন পেটেন্ট মামলাটি নিজের পক্ষে নিয়ে আসতে সক্ষম হয় তাহলে এই নিষেধাজ্ঞা তুলে নেয়া সম্ভব হবে।

গত মাসে জুরিরা স্যামসাংয়ের পক্ষে রায় দিলে প্রতিষ্ঠানটি এর রায়ের আলোকে নিষেধাজ্ঞা তুলে নেবার জন্য আপিল করে।

এদিকে নিম্ন আদালতে মামলাটির বিচারক হিসেবে দায়িত্ব পেয়েছেন লুসি কোহ। তবে উচ্চ আদালত থেকে মামলাটি তার কাছে এলেও এ সংক্রান্ত সিদ্ধান্ত নেবার ক্ষমতা তার নেই বলে উল্লেখ করেন লুসি।

মামলার রায় প্রকাশ হবার সাথে সাথে স্যামসাং নিষেধাজ্ঞা তুলে নেবার জন্য আবেদন জানিয়েছে বলে উল্লেখ করেছে সিনেট।

এদিকে অ্যাপল আদালতে স্যামসাংয়ের অনুরোধের বিপক্ষে আরেকটি অনুরোধ করেছে। অনুরোধ পত্রে অ্যাপল আদালতে কাছে, “স্যামসাংয়ের ট্যাব ১০.১ এর উপর আনা নিষেধাজ্ঞা তুলে নেয়ার অনুরোধ অস্বীকার করতে,” অথবা প্রতিষ্ঠানটি যতক্ষণ পর্যন্ত না প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করতে পারছে ততদিন পর্যন্ত পিছিয়ে দেয়ার অনুরোধ করেছে।