ইউটিউব থেকে ভিডিও না সরানোর কারণে ব্রাজিলে গুগলের প্রধানকে গ্রেপ্তার

(প্রিয় টেক) ব্রাজিলের ফেডারেল আদালতের আদেশ অমান্য করে ইউটিউব থেকে ভিডিও না সরানোর কারণে গুগল ব্রাজিল শাখা প্রধানকে ফেডারেল পুলিশ আটক করেছে। সম্প্রতি আদালত ব্রাজিলের নির্বাচনী আইন ভঙ্গ করে এমন ভিডিও ইউটিউব থেকে সরিয়ে নেবার আদেশ দেবার পরও তা মানতে ব্যর্থ হওয়ার কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে উল্লেখ করে আইন প্রয়োগকারী সংস্থা।

গুগলের ব্যবস্থাপক ফাভিও সিল্ভা কোলহোর গ্রেপ্তারের কথা সান পাওলোতে ঘোষিত হয়। ব্রাজিলের কঠোর নির্বাচনী আইন দেশের শীর্ষ পদ প্রার্থীদের ব্যাপারে টেলিভিশন, বেতার এবং ইন্টারনেটে কি ধরণের বক্তব্য সমালোচকরা দিতে পারবে তা নিয়ন্ত্রণ করে থাকে। আর আগামী মাসে অনুষ্ঠিত মিউনিসিপাল নির্বাচনের পূর্বে এই আইন ভঙ্গ করছে এমন কিছু ভিডিও মুছে ফেলার অনুরোধ বারবার দেয়া হয়েছে গুগল ব্রাজিলকে
জানা গিয়েছে মেয়র পদপ্রার্থী অলসাইডস বার্নাল সম্পর্কে মানহানিকর মন্তব্য যুক্ত ভিডিও ইউটিউব থেকে না সরানোর কারণে কোলহোকে গ্রেপ্তার করার আদেশ প্রদান করেন বিচারক। এই আদেশে দেশ জুড়ে ২৪ ঘণ্টার জন্য ইউটিউব এবং গুগল বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়।
গুগল এই আদেশের বিরুদ্ধে আপিল করবে বলে জানিয়েছে। প্রতিষ্ঠানটি এক ইমেইলের মাধ্যমে জানিয়েছে, "অবকাঠামো হবার কারণে সাইটে পোস্ট করা কন্টেন্টের জন্য গুগল দায়ী নয়।"
এদিকে পারানা অঞ্চলের প্রার্থীকে সমালোচনা করা হয়েছে এমন একটি ভিডিও ডিলিট করতে ব্যর্থ হওয়ার কারণে প্রতিদিন $৫ লক্ষ মার্কিন ডলার করে জরিমানা প্রদানের নির্দেশ দিয়েছেন।
ইলেকট্রনিক ফ্রন্টিয়ার ফাউন্ডেশনের ইভা গ্যালপেরিন মনে করেন মিউনিসিপ্যাল নির্বাচনের পূর্বে সারা দেশজুড়ে এ ধরণের মামলার আধিক্য "হতাশাজনক, কিন্তু বিস্ময়কর নয়। ইন্টারনেট বিশ্বজনীন হলেও, আইন বিভিন্ন দেশে বিভিন্ন রকম।
অন্য আরেকটি মামলায় সান পাওলো ভিত্তিক বিচারক জিলসন ডেলগাডো মিরান্ডা ইউটিউবকে ১০ দিন সময় দিয়েছে "ইনোসেন্স অব মুসলিম" নামক ভিডিওটি সরিয়ে নেবার জন্য। দশদিনের মধ্যে এই নির্দেশ না মানা হলে গুগলকে প্রতিদিন $৫ হাজার ডলার করে জরিমানা দিতে হবে বলে জানানো হয়েছে।
এই মামলা সম্পর্কে এখন পর্যন্ত কোন মন্তব্য প্রকাশ করেনি গুগল।










