বাংলাদেশে এরিকসনের নতুন ব্যবস্থাপনা পরিচালক গ্যারি ডিউইং

PriyoTech's picture

(প্রিয় টেক) বিশ্বের নেতৃস্থানীয় টেলিযোগাযোগ যন্ত্রাংশ নির্মাতা এরিকসন তার বাংলাদেশ শাখার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে গ্যারি ডিউইংকে নিযুক্ত করেছে বলে ঘোষণা দিয়েছে। তিনি পার-হেনরিক নিলসেন এর স্থলাভিষিক্ত হবেন।

দক্ষিণ আফ্রিকায় জন্মগ্রহণকারী গ্যারি ১৯৯৫ সালে এরিকসনে যোগ দেন এবং তারপর থেকেই প্রতিষ্ঠানটির বিশ্বনন্দিত সেবামূলক কার্যক্রমকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছেন।

বাংলাদেশের গ্যারি ডিউইংকে নিযুক্ত করার ব্যাপারে বলতে গিয়ে এরিকসনের দক্ষিণ পূর্ব এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের প্রধান অরুণ বানসাল বলেন, “এরিকসনের জন্য বাংলাদেশ একটি ক্রমবর্ধমান বাজার। আমার বিশ্বাস গ্যারির নেতৃত্বে আমাদের স্থানীয় টিমটি আরো দক্ষতার সাথে গ্রাহক সেবা প্রদান করতে সক্ষম হবে। প্রযুক্তি অংশীদার হিসেবে আমরা আমাদের গ্রাহকদের প্রতি খেয়াল রাখতে এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবার ক্ষেত্রে দৃঢ়প্রতিজ্ঞ।”

এ ক্ষেত্রে গ্যারির অভিজ্ঞতা বাংলাদেশে গ্রাহকসেবা উন্নয়নে সহায়তা করবে মনে করেন বানসাল।

এরিকসন ১৯৯৭ সালে বাংলাদেশে তার কার্যক্রম শুরু করে এবং ২০০৬ সালে বাংলাদেশের আইনানুযায়ী ইনকর্পোরেটেড রূপ লাভ করে এবং এল.এম. এরিকসন বাংলাদেশ লিমিটেড নামে ব্যবসা শুরু করে।