অ্যাপল, গুগল এবং অ্যামাজনের ট্যাবলেটের জবাবে বার্নস অ্যান্ড নোবল এর নতুন নুক ট্যাবলেট

(প্রিয় টেক) অ্যামাজন.কমের পর প্রথম হাই ডেফিনিশন ট্যাবলেট উন্মোচিত করলো বই প্রকাশনী সংস্থা বার্নস অ্যান্ড নোবল। প্রতিষ্ঠানটি ৭ ও ৯" মাপের নতুন দুটি নুক ট্যাবলেট বাজারে আনার ঘোষণা দিয়েছে। এই ট্যাবলেট উন্মোচনের মাধ্যমে প্রতিষ্ঠানটি অ্যামাজন.কম, অ্যাপল এবং গুগলের মত প্রতিষ্ঠানের সাথে পাল্লা দিতে সক্ষম হবে বলে ধারণা করা যাচ্ছে।

৭" নুক এইচডি ট্যাবলেটটির মূল্য অ্যামাজন এবং গুগলের সদ্য উন্মোচিত ট্যাবলেটগুলোর সমপরিমাণ মূল্য $১৯৯ মার্কিন ডলার রাখা হয়েছে। আর আইপ্যাডের সাথে প্রতিদ্বন্দ্বিতার করার জন্য $২৬৯ মার্কিন ডলার মূল্যের ৯" নুক এইচডি+ নামক সংস্করণ বের করেছে।
বার্নস অ্যান্ড নোবলের নতুন দুটি ট্যাবলেট ওজনে হালকা আর দামে সাশ্রয়ী এবং মাইক্রোসফটের কাছ থেকে বিনিয়োগ হিসেবে $৬০৫ মিলিয়ন ডলার বিনিয়োগ পাওয়া স্বত্বেও প্রতিষ্ঠানটি লাভের মুখ দেখবে কিনা সে ব্যাপারে সন্দেহ প্রকাশ করছে অনেকে। বিশেষজ্ঞদের মতে প্রতিষ্ঠানটি হার্ডওয়্যার এবং সফটওয়্যার খাতের সবচেয়ে ছোট খেলোয়াড় এবং মাইক্রোসফটের বিনিয়োগ ব্যতীত বেশি দূর অগ্রসর হবার ক্ষমতাও প্রতিষ্ঠানটির নেই বলে মনে করছেন তারা।
তবে প্রতিষ্ঠানটি দেশব্যাপী তার ৭০০ স্টোরের মাধ্যমে ধারণার অতীত ব্যবসা করেছে। টাচস্ক্রিন ডিভাইস এবং কালার রিডারের মাধ্যমে প্রতিষ্ঠানটি সম্প্রতি বছরগুলোতে অ্যামাজন অপেক্ষা ব্যবসা সফল অবস্থানে রয়েছে। প্রযুক্তি বিশেষজ্ঞদের কাছ থেকে তার পুরনো ট্যাবলেটগুলোর বৈশিষ্ট্যের জন্য প্রশংসাও কুড়িয়েছে প্রতিষ্ঠানটি।
বার্নস অ্যান্ড নোবল তার ৭" নুক এইচডি মডেলটিকে বিশ্বের সর্বপ্রথম এবং এই শ্রেণীর ট্যাবলেটগুলোর মধ্যে সবচেয়ে হালকা বলে অভিহিত করেছে। ১৪৪০X৯০০ রেজ্যুলুশন এবং মাত্র ১১.১ আউন্স ওজনের এই ট্যাবলেটের পিক্সেল ঘনত্ব প্রতি ইঞ্চিতে ২৪৩ পিক্সেল। যেখানে অ্যামাজনের কিন্ডল ফায়ারে রয়েছে ১২৮০X৮০০ রেজ্যুলুশন।
৯" মডেলটিতে রেজ্যুলুশন হিসেবে রয়েছে ১৯২০X ১২৮০ এবং পিক্সেলের ঘনত্ব প্রতি ইঞ্চিতে ২৫৬ পিক্সেল। সেদিক থেকে অ্যাপলের আইপ্যাডের রেজ্যুলুশন ২০৪৮X১৫৩৬ এবং পিক্সেল ঘনত্ব ২৬৪।
উভয় ট্যাবলেটেই টেক্সাস ইনস্ট্রুমেন্টের ওম্যাপ৪৪৭০ ডুয়েল কোর এসওসি ব্যবহার করা হয়েছে। তবে ৭"এর গতি ১.৩ গিগাহার্জ, ৫১২ মেগাবাইট র্যাম এবং ৮/১৬ গিগাবাইট স্টোরেজ আর ৯" এর গতি ১.৫ গিগাহার্জ, ১ গিগাবাইট র্যাম এবং ১৬/৩২ গিগাবাইট স্টোরেজ ব্যবহার করা হয়েছে। উভয় ডিভাইসের স্টোরেজ বৃদ্ধির জন্য মাইক্রোএসডি কার্ড ব্যবহার করতে পারবে ব্যবহারকারীরা।
১৬ গিগাবাইট তথ্য ধারণ ক্ষমতার ৯ ইঞ্চি মাপের নুক ট্যাবলেটের দাম পড়বে ২৬৯ ডলার আর ৩২ গিগাবাইট তথ্য ধারণ ক্ষমতার জন্য দাম পড়বে ২৯৯ ডলার। ৭ ইঞ্চি মাপের নুক ট্যাবলেটের দাম হবে ১৯৯ ডলার। ব্যাটারির স্থায়িত্বকাল ১০ ঘণ্টা বলে দাবী করেছে বার্নস অ্যান্ড নোবল।












