কর্মীদেরকে উদ্দীপ্ত করায় ব্যস্ত ইয়াহু প্রধান ম্যারিসা মেয়ার, নতুন প্রধান অর্থ কর্মকর্তা নিয়োগ

PriyoTech's picture

(প্রিয় টেক) প্রথমবারের মত কোম্পানি ব্যাপী বক্তব্যে নিজের পরিকল্পনা প্রকাশ করে গত কয়েকবছর যাবত হতাশা গ্রস্ত কর্মীদের কাছে থেকে অভূতপূর্ব সাড়া পেলেন সমস্যা কবলিত ইন্টারনেট পোর্টাল ইয়াহুর নব্য প্রধান নির্বাহী ম্যারিসা মেয়ার

যদিও এই পরিকল্পনায় তার নিজস্ব চিন্তাধারার চাইতে বোর্ডের চিন্তাধারাটিই অধিকহারে প্রকাশিত হয়েছে বলে জানিয়েছে ওয়াকিবহাল মহল। কিন্তু তা সত্ত্বেও কর্মীদের জন্য বিভিন্ন ধরণের সুবিধা প্রদান করার মাধ্যমে ইতোমধ্যে তিনি বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন এবং কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছেন বলে জানিয়েছে তাদের একজন।

ক্যালিফোর্নিয়ায় ইয়াহুর প্রধান কার্যালয়ে কথা বলতে গিয়ে তিনি ইয়াহুর উন্নতির লক্ষ্যে ওয়েব সেবাকে আরো ব্যক্তিগত এবং প্রতিষ্ঠানটির সুবিধাগুলোকে মোবাইল ডিভাইস সমর্থক করার উপর গুরুত্ব দেন। আর তার এই সিদ্ধান্ত কর্মীদের মধ্যে বেশ সাড়া ফেলেছে বলে জানিয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মী। তিনি বলেন, "একই ধরণের কথা আগেও বলা হলে এবার তা সকলে বিশ্বাস করেছে।"

গত কয়েক মাসে বেশ কিছু অপ্রীতিকর সংবাদ প্রকাশ হয়ে পড়ার কারণে বর্তমানে খবর ফাঁস হয়ে যাবার ব্যাপারে কঠোর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে ইয়াহু। আর তাই এব্যাপারে সহজে কেউ মুখ খুলছে না। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে এ সম্পর্কে বিস্তারিত জানানোর জন্য কয়েকবার অনুরোধ করা হলেও কোন মন্তব্য পেশ করেনি ইয়াহু।

প্রতিষ্ঠানটিকে ঢেলে সাজাতে বেশ কিছু রদবদল করা হয়েছে বলেও জানিয়েছে রয়টার্স। ২৫ সেপ্টেম্বর ইয়াহুর নতুন প্রধান অর্থ কর্মকর্তা নিয়োগ দিয়েছেন তিনি। এই পদে নিয়োগ পেয়েছেন সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ফর্টিনেটের সাবেক অর্থ কর্মকর্তা কেন গোল্ডম্যান। তিনি টিম মোর্সের স্থলাভিষিক্ত হচ্ছেন। টিম ম্যারিসা যোগ দেবার আগ পর্যন্ত প্রতিষ্ঠানটির মধ্যবর্তীকালীন প্রধান নির্বাহীর দায়িত্বে ছিলেন এবং ম্যারিসা যোগ দেয়ার পর ইয়াহু ছেড়ে যাওয়ার ঘোষণা দেন।

এখনো বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট হিসেবে পরিচিত প্রতিষ্ঠান ইয়াহুর ইমেইল এবং সংবাদ পাতাগুলো দৈনিক ৭০০ মিলিয়ন মানুষ ব্যবহার করে থাকলেও বর্তমানে গুগল, ফেসবুকের কারণে বিজ্ঞাপন থেকে রাজস্ব আদায়ের হার অত্যন্ত কমে গিয়েছে।

ম্যারিসা মেয়ার যোগ দেয়ার পর থেকে মূলত কর্মীদের মধ্যে উদ্দীপনা সৃষ্টির প্রচেষ্টা করে যাচ্ছেন বলে জানা গিয়েছে। তিনি কর্পোরেট আমলাতন্ত্র দূর করা থেকে অত্যাধুনিক স্মার্টফোন এবং ক্যাফেটেরিয়ায় বিনামূল্যে খাবারের ব্যবস্থা করলেও প্রতিষ্ঠানটিকে কোন দিকে নিয়ে যাচ্ছেন সে ব্যাপারে কোন তথ্য এখন পর্যন্ত প্রকাশ করেননি। যা অনেক কর্মীকে অস্বস্তির মধ্যে ফেলে দিয়েছে বলে মনে করা হচ্ছে।