গন্ডগোলের পর ফক্সকনের কারখানা বন্ধ

(প্রিয় টেক) কর্মীদের মধ্যে হাতাহাতির কারণে গতকাল রোববার বন্ধ করে দেয়া হয়েছে অ্যাপল পণ্য নির্মাতা তাইওয়ান ভিত্তিক ফক্সকন টেকনোলজির কারখানা। ঘটনার সূত্রপাত ব্যক্তিগত কথা কাটাকাটি থেকে পরবর্তীতে যা সংঘর্ষে রূপান্তরিত হয় এবং ২০০০ কর্মীর মধ্যে ছড়িয়ে পরে এবং ৪০ জন আহত হয়।

চীনা সময় রাত ১১ টায় গন্ডগোল শুরু হয় এবং পুলিশ ঘটনাটি রাত ৩ টার মধ্যে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। গন্ডগোলের সূত্রপাত কোথা থেকে হয়েছে এখনো জানা যায়নি বলে জানিয়েছে ফক্সকন। তবে স্থানীয় কর্তৃপক্ষ ব্যাপারটির তদন্ত করছে।

হাতাহাতির ঘটনায় ৪০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্রেপ্তার হয়েছে অনেক। চীনা বার্তা সংস্থা সিনহুয়ার জানিয়েছে, হাতাহাতির ঘটনায় ১০ জনের বেশি গুরুতর আহত হয়েছেন। পরে সেখানে প্রায় পাঁচ হাজার পুলিশ মোতায়েন করা হয়। ঘটনার তদন্তের কারণে এ কারখানা এখন বন্ধ রয়েছে। কারখানায় সর্বমোট ৭৯ হাজার কর্মী কাজ করছে বলে জানিয়েছে ফক্সকন।













