কোপেনহেগেনে হয়ে গেলো এনটিএফ২ বাংলাদেশ প্রকল্পের বিটুবি প্রোগ্রাম

dhrubo80's picture

(প্রিয় টেক) গত ১৯ সেপ্টেম্বর ডেনমার্কের কোপেনহেগেনে হয়ে গেলো জাতিসংঘের ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার আয়োজিত বিটুবি প্রোগ্রাম। এনটিএফ২ বাংলাদেশ প্রকল্পের আওতাধীন ১২টি বাংলাদেশী আইটি এবং আইটিইএস কোম্পানি অংশগ্রহণ করেছিল এই বিটুবি প্রোগ্রামে। এবারের প্রোগ্রামের বিষয় ছিলো – মোবাইল অ্যান্ড ট্যাবলেট অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট

১৮ সেপ্টেম্বর, ২০১২ বাংলাদেশী কোম্পানিগুলোর জন্য আয়োজিত একটি প্রশিক্ষণের মাধ্যমে শুরু হয়েছিল কোপেনেহেগেনের এবারের বিটুবি প্রোগ্রাম। ডিএফএসএমই-তে আয়োজিত সারাদিনব্যাপি এই প্রশিক্ষণে এর মূল প্রতিপাদ্য বিষয় ছিলো ড্যানিশ বিজনেস কালচার এবং অনলাইন মার্কেটিং ইন স্ক্যান্ডিনেভিয়া কান্ট্রি।

মূল বিটুবি প্রোগ্রামে অংশগ্রহণ করেছিল ১৮টি ড্যানিশ কোম্পানি। ১৯ সেপ্টেম্বর,২০১২ ড্যানিশ সোসাইটি অফ ইঞ্জিনিয়ারস-এ বাংলাদেশী কোম্পানিগুলোর প্রতিনিধিদের সাথে প্রায় ৬০টি প্রাক-আয়োজিত বিটুবি মিটিং অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ থেকে অংশগ্রহণকারী কোম্পানিগুলো হলো – বিজেআইটি, ব্রেইন স্টেশন-২৩, হাওয়ারআইটি, ইম্পালস বিডি, ইনফরমেটিক্স টেকনোলজিস, কেন্টো স্টুডিওস, ল্যাটিচুড-২৩, রেলিসোর্স টেকনোলজিস, রাইটব্রেইন সলিউশন, সেন্ট্রানা বিডি এবং স্ট্রাকচারড ডাটা সিস্টেমস। বিটুবি মিটিং শুরু হবার আগে এক সেমিনারে বাংলাদেশী এবং ড্যানিশ কোম্পানিগুলোর উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন থমাস উইটেনবার্গ এবং বেসিসের সেক্রেটারি জেনারেল রাসেল টি আহমেদ। জনাব রাসেল বাংলাদেশের আউটসোর্সিং-এ বাংলাদেশের সম্ভাবনার কথা উপস্থিত সকলের সামনে তুলে ধরেন।

বিটুবি প্রোগ্রামের শেষদিন ছিল বাংলাদেশী কোম্পানির প্রতিনিধিদের নিয়ে ফিল্ড ভিজিট। ২০ সেপ্টেম্বর সকালে এই কোম্পানির প্রতিনিধিরা কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়ের গেমিং ইনকিউবেটরে ভিজিট করেন।

উল্লেখ্য যে, নেদারল্যান্ড সরকারের আর্থিক সহায়তা প্রাপ্ত এই এনটিএফ২ প্রজেক্টটি গত ২০১০ সাল থেকে বাংলাদেশের ৪০টি আইটি এবং আইটিইএস কোম্পানিগুলোকে ইউরোপের নেদারল্যান্ড, ডেনমার্ক, যুক্তরাজ্য, জার্মানির বিভিন্ন আইটি এবং আইটিইএস কোম্পানির সাথে আউটসোর্সিং ব্যবসায়িক সম্পর্ক স্থাপনে সহায়তা প্রদান করে আসছে। এ পর্যন্ত এই প্রকল্পের আওতায় দেশে-বিদেশে ৬টি বিটুবি প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। প্রকল্পের সার্বিক তত্ত্বাবধানে জাতিসংঘের ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার –এর সাথে পার্টনারশিপ করছে ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়ার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস।

এনটিএফ২ বাংলাদেশ প্রজেক্টের ব্যাপারে বিস্তারিত জানতে ভিজিট করুন। ফেসবুকে এই প্রজেক্টের আওতাধীন বিভিন্ন আপডেট জানতে ভিজিট করুন Outsource to Bangladesh পেজটি।