ভিওআইপি: বৈধ আন্তর্জাতিক টেলিফোন কল আরো কমেছে

PriyoTech's picture

(প্রিয় টেক) গত বছর অক্টোবরেও গড় ইনকামিং আন্তর্জাতিক কলের পরিমান ছিল দৈনিক ৫ কোটি ২০ লাখ মিনিট। তার পর থেকে কমতে কমতে এবছরের সেপ্টেম্বরে তা নেমে এসেছে আড়াই কোটি মিনিটে। সর্বশেষ প্রাপ্ত হিসাব অনুসারে গত ১৩ সেপ্টেম্বরে বৈধ ইনকামিং কল এসে দাঁড়িয়েছে ২ কোটি ৫৩ লাখ ৮ হাজার ৫০৬ মিনিটে। তার আগে গত বেশ কিছু দিন থেকে কলের পরিমান কেবল কমছেই।

রোববার জাতীয় সংসদে অনুষ্ঠিত টেলিযোগাযোগ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ সংক্রান্ত একটি হিসেব উপস্থাপিত হয়েছে। ওই হিসাবে পাওয়া গেছে এ তথ্য।

ওই হিসাবে প্রাপ্ত তথ্যে জানা গেছে, বর্তমানে সকল অপারেটর মিলিয়ে দৈনিক ২ কোটি ৬২ লাখ ৪ হাজার ৬৯২ মিনিটের টেলিফোন কল আসে। শুধুমাত্র গত বছরের সাথেই তুলনা করলে প্রতিদিন ৬ কোটি টাকার বেশি গায়েব হয়ে যাচ্ছে। এই হিসেবে মাসে প্রায় ১৮০ কোটি টাকা চলে যাচ্ছে অন্যত্র।

অক্টোবরে কেবলমাত্র রাষ্ট্রয়াত্ত্ব ল্যান্ডফোন অপারেটর বিটিসিলের মাধ্যমেই দৈনিক কল আসত দুই কোটি মিনিটের ওপরে। গত আগষ্টেও তা এক কোটি মিনিট ছিল। আর এখন সেপ্টেম্বরে সেটা নেমে এসেছে ৬০ লাখ মিনিটে। গত ১৩ সেপ্টেম্বর বিটিসিএলের মাধ্যমে কল এসেছে ৬০ লাখ ২ হাজার ৪৯ মিনিট। তার আগের দিন আসে ৬৬ লাখ ১১ হাজার ৪৪ মিনিট। ৭ সেপ্টেম্বর এসেছিল ৮৪ লাখ ৫৬ হাজার ৯০৩ মিনিট।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, কল কমে আসার ক্ষেত্রে অন্তত আটটি কারণ চিহ্নিত করেছে বিটিআরসি। বৈঠকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে।