সম্পূর্ণভাবে ইউটিউব বন্ধ করা সম্ভব নয়

(প্রিয় টেক) অফিশিয়ালি বাংলাদেশে ইউটিউব বন্ধ থাকলেও দেশের অনেকে এখনো গুগলের এই পরিসেবাটি ব্যবহার করতে পারছে। কর্তৃপক্ষ জানিয়েছে একের পর এক আইপি ক্রমশ বন্ধ করে দেয়া হচ্ছে। ফলে এখনো যারা সেবাটি গ্রহণ করতে পারছেন, কিছুদিনের মধ্যে তা আর সম্ভব হবে না। এদিকে দেশের চারটি আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ে মঙ্গলবার একের পর এক আইপি ব্লক করছে বলে উল্লেখ করলেও নতুন নতুন আইপির সৃষ্টি হওয়ার নিষেধাজ্ঞা সম্পূর্ণরূপে কার্যকরী করা সম্ভব হচ্ছে না।

ইন্টারনেট পরিচালকদের মতে গুগল তার ইউটিউব পরিসেবাটি পরিচালনার জন্য বিশাল সংখ্যক আইপি অ্যাড্রেস ব্যবহার করে থাকে আর তাই সকল আইপির উপর নিষেধাজ্ঞা চালু করার বিষয়টা কঠিন হয়ে পড়েছে।
ম্যাংগো টেলিকম এর ব্যবস্থাপনা পরিচালক মির মাসুদ কবির জানিয়েছেন সোমবার রাত পর্যন্ত তারা ৬১ আইপি অ্যাড্রেস ব্লক করেছেন এবং মঙ্গলবার দুপুরের মধ্যে সর্বমোট ২৭১ টি আইপি অ্যাড্রেস ব্লক করা যাবে বলে জানান। বিটিআরসি, বিটিসিএল এবং ম্যাংগো টেলিকম এই বিষয়টির দিকে গভীরভাবে লক্ষ্য রাখছে এবং যতগুলো সম্ভব আইপি অ্যাড্রেস ব্লক করার চেষ্টা করছে।
ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন বাংলাদেশ-এর ভাইস-প্রেসিডেন্ট সুমন আহমেদ-এর মতে গুগল এবং ইউটিউবের কার্যক্রম এতটাই বিস্তৃত যে এই সাইটগুলো সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়া বিষয়টা অত্যন্ত কঠিন। "আমরা যদি সরাসরি ইউটিউব বন্ধ করে দেই তাহলে গুগল এবং জিমেইল এর মত সেবাগুলোও বন্ধ হয়ে যাবে।"
এদিকে ইউটিউব বন্ধ করতে গিয়ে কোনোভাবেই গুগল ও জি-মেইল বন্ধ করা যাবে না বলে সরকারি বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে বিটিসিএল।
গুগলের ভিডিও ওয়েবসাইট ইউটিউব গতকাল মঙ্গলবার পর্যন্ত বাংলাদেশে পুরোপুরি বন্ধ করা সম্ভব না হওয়ায় এবং ইউটিউবের একটি আইপি অ্যাড্রেস বন্ধ করলে বিকল্প পথে তা চালু হওয়ায় এ অবস্থায় করণীয় নির্ধারণে গতকাল ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) অপারেটরদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন মন্ত্রণালয় ও বিটিআরসির কর্মকর্তারা। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে সচিব সুনীল কান্তি বোস ও বিটিআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান উপস্থিত ছিলেন।














