বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের জন্যে স্থানীয় পরামর্শক চায় বিটিআরসি

(প্রিয় টেক) দেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ এর জন্যে স্থানীয় পর্যায়ে তিনজন পরামর্শ নিয়োগের উদ্যোগ নিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। রোববার বিটিআরসি এ সংক্রান্ত একটি ঘোষণা দিয়েছে। এবং আজ মঙ্গলবার বিটিআরসি’র ওয়েব সাইটে এ সংক্রান্ত একটি চিঠি পোস্ট করা হয়।

ফ্রিকোয়েন্সি কোঅর্ডিনেশন, স্পেসক্রাফট, স্যাটেলাইট লঞ্চিং ভেহিক্যাল-এই তিনটি বিষয়ে পরামর্শক নিয়োগ করা হবে। এ বিষয়ে আগ্রহীদের ২৬ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে বলা হয়েছে। স্থানীয় পরামর্শকদের কাজ হবে মার্চ মাসে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের পরামর্শক কোম্পানি স্পেস পার্টনারশিপ ইন্টারন্যাশনাল (এসপিআই)-কে সহায়তা করা।
পরামর্শকদের ইলেকট্রিকাল/টেলিকম ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি ১০ বছরের অভিজ্ঞতাও চাওয়া হয়েছে। এবং তাদের মাসিক ভাতা দেয়া হবে দেড় লক্ষ টাকা, সাথে অন্যান্য সুবিধাদি। বিস্তারিত জানতে নীচের লিংক দুটো ক্লিক করুন-
- পরামর্শক চেয়ে বিটিআরসি'র বিজ্ঞাপন
- টার্মস অফ রেফারেন্স
এর আগে গত সোমবার জাতীয় সংসদে এক প্রশ্নোত্তরে টেলিযোগাযোগ মন্ত্রী সাহারা খাতুন জানান, স্যাটেলাইট সার্ভিসের জন্যে সম্ভাব্যতা যাচাই, বিজনেস প্ল্যান প্রস্তুতকরণ, প্রয়োজনীয় কক্ষপথ ও ফ্রিকোয়েন্সি পাওয়ার ব্যবস্থা, স্যাটেলাইট সিস্টেম ও আর্কিটেকচার নির্ধারণ, স্যাটেলাইট উৎক্ষেপণের পর তা পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য কোম্পানি গঠনের প্রস্তুতি ইত্যাদি কার্যক্রম বাস্তবায়নাধীন রয়েছে।
এদিকে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই এ সংশ্লিষ্ট কোম্পানি গঠনের জন্যে টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে একটি প্রস্তাবনা পাঠিয়েছে বিটিআরসি।













