১০ সেকেন্ড পালস বাস্তবায়নে অপর চার অপারেটরের চাপ প্রয়োগ

PriyoTech's picture

(প্রিয় টেক) শীর্ষ দুই মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনবাংলালিংক এখনো তাদের সব গ্রাহকের জন্যে ১০ সেকেন্ডের পালস চালু করেনি। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ অপর চার অপারেটর। এটি নিয়ে তারা টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা-বিটিআরসি’র ওপর চাপ তৈরী করছে। সে কারণে এ বিষয়ে সর্বশেষ অগ্রগতি জানতে চেয়ে অপারেটরদের চিঠি দেওয়া হয়েছে। সোমবার ছয় অপারেটরকে এ চিঠি দেওয়া হয়। তিনদিনের মধ্যে তাদের অপারেটরদের এ বিষয়ে জানাতে বলা হয়েছে।

এর আগে ১৫ আগস্টের মধ্যে ছয় অপারেটরের সব প্যাকেজে দশ সেকেন্ডের পালস বাস্তবায়ন করতে বলা হয়। তখন কেবল টেলিটক এটি কার্যকর করে। পরে অপারেটররা তিন মাস সময় চাইলে বিটিআরসি এক মাস সময় বাড়িয়ে ১৫ সেপ্টেম্বরের মধ্যে তা কার্যকর করতে বলে। পুন:ঘোষিত তারিখে রবি, এয়ারটেল এবং সিটিসেল তাদের সব গ্রাহককে দশ সেকেন্ডের পালস সুবিধা দেয়।

অন্যদিকে গ্রামীণফোন ও বাংলালিংক কিছু গ্রাহককে এই সুবিধা দিলেও বাকিদের সুবিধার আওতায় আনতে দেড় মাস সময় চায়। তবে রবিবার গ্রামীণফোন আগেই চিঠি দিয়ে তাদের বাস্তবায়নের অগ্রগতি জানিয়েছে। তবে সবগুলো প্যাকেজে তারা বাস্তবায়ন করতে পারেনি বলে জানিয়েছে।

তবে দশ সেকেন্ডের পালস বাস্তবায়ন করা চার অপারেটর বিটিআরসির দ্বৈত নীতির সমালোচনা করেছে। তারা বলছে, বিটিআরসির সিদ্ধান্ত মেনে তারা আর্থিক ক্ষতির সম্মূখীন হচ্ছেন। কিন্তু ওই দু’টি অপারেটরকে কিছুই বলা হচ্ছে না।

এ বিষয়ে কথা বলতে গেলে বিটিআরসি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান গিয়াসউদ্দিন আহমেদ বলেন, এ ব্যাপারে কারো কোন অভিযোগ শোনা হবে না। গ্রাহক স্বার্থের দিকে তাকিয়ে তারা আর কারো দিকে তাকাতে চান না।