দশ সেকেন্ড পালস বাস্তবায়ন: সব প্যাকেজে এখনই দিতে পারছে না গ্রামীণফোন ও বাংলালিংক

(প্রিয় টেক) অন্য সবাই প্রস্তুতি নিলেও দুই শীর্ষ অপারেটর গ্রামীণফোন ও বাংলালিংক এখনই তাদের সব গ্রাহকদেরকে দশ সেকেন্ডের পালস সুবিধা দিতে পারছে না। আজ শুক্রবার সন্ধ্যায়ই আরো দেড় মাস সময় বাড়ানোর আবেদন করেছে গ্রামীণফোন। সময় বাড়ানোর কথা বলেছে বাংলালিংকও।
বিটিআরসি’র নির্দেশনা অনুসারে ১৫ সেপ্টেম্বর থেকে সব অপারেটরের সব প্যাকেজে দশ সেকেন্ডের পালস বাধ্যতামূলক। এর আগে ১৫ আগস্টের মধ্যে এটি করতে বলা হলেও অপারেটরদের দাবির প্রেক্ষিতে এক মাস সময় বাড়ানো হয়। তবে ১৫ আগস্ট থেকেই নির্দেশনার বাস্তবায়ন করেছে টেলিটক। আর তৃতীয় গ্রাহক সেরা অপারেটর রবি জানিয়েছে, নির্ধারিত সময়েই তারা তাদের গ্রাহকদের দশ সেকেন্ডের পালস সুবিধা দেবেন। একই প্রস্তুতি সিটিসেল এবং এয়ারটেলেরও।
এদিকে গ্রামীণফোনের কর্পোরেট অ্যাফেয়ার্স বিভাগের প্রধান মাহমুদ হোসাইন জানিয়েছেন, বিটিআরসি’র নির্দেশনা বাস্তবায়নের কাজ তারা শুরু করেছেন। তবে তাদের গ্রাহক যেহেতু অনেক বেশী সেকারণে কিছুটা সময় লাগতে পারে। ইতিমধ্যে সময় চেয়ে বিটিআরসিকে চিঠিও লেখা হয়েছে। সেই চিঠিতে বলা হয়েছে যে, বর্তমানে গ্রামীনফোনের ৮টি প্যাকেজের ভেতর ১টি-তে ১০ সেকেন্ড পালস রয়েছে। এবং নতুন করে আরো ১টি প্যাকেজে তারা আগামীকাল থেকেই ১০ সেকেন্ড পালস চালু করবে। এবং বাকী ৬টি প্যাকেজের জন্য পর্যায়ক্রমে ১০ সেকেন্ড পালস এবং ফ্ল্যাট ট্যারিফ প্রয়োগ করা হবে।
জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় পাঠানো চিঠিতে আরো দেড় মাস সময় চাওয়া হয়েছে। তবে অপর একটি সূত্র বলছে, দুই সপ্তাহের মধ্যে সব গ্রাহককে এই সেবার আওতায় নিয়ে আসতে পারবে গ্রামীণফোন।
এদিকে বাংলালিংকের মার্কেটিং বিভাগের সিনিয়র ডিরেক্টর শিহাব আহমাদ জানান, তারাও গ্রাহকদের দশ সেকেন্ডের সেবা উপভোগ করতে দিতে তৈরী। এ বিষয়ে বিটিআরসি’র সঙ্গে তারা একমত হয়েছেন। ফলে পেছনে ফেরার সুযোগ নেই। তবে গ্রাহক বেশী হওয়ার কারণে প্রযুক্তিগত কিছু বিষয় তাদের বিবেচনায় নিতে হচ্ছে। সে কারণে সব গ্রাহককে এই সেবার মধ্যে আনতে একটু বাড়তি সময় লাগবে।
গত বৃহস্পতিবার বিটিআরসি এক চিঠিতে অপারেটরদের দশ সেকেন্ডের পালস বাস্তবায়ণের নির্দেশনা দেয়। এই চিঠিতে তারা সব অপারেটরকে জানায়, প্রয়োজনে এ বিষয়ে বিটিআরসি কারিগরি সহায়তা দিতেও তৈরী। একই সঙ্গে বিটিআরসি বলছে, দশ সেকেন্ডের পালস বাস্তবায়ন করে আবার তার সঙ্গে কল সেটিং চার্জ আরোপ করা যাবে না। ১৫ সেপ্টেম্বর থেকেই ‘ফ্ল্যাট রেট ট্যারিফ’ও বাস্তবায়ন করতে বলেছে তারা।












