২০০৬ সালের সিম ট্যাক্স: বাংলালিংক, সিটিসেল এবং রবির ব্যাংক হিসাব জব্দের চিঠি দিয়েছে এনবিআর

PriyoTech's picture

(প্রিয় টেক) শেষ পর্যন্ত বেসরকারি মোবাইল ফোন অপারেটর বাংলালিংক, সিটিসেল ও রবির ব্যাংক হিসাব জব্দ করার জন্য চিঠি পাঠিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে বিভিন্ন ব্যাংকের কাছে এই চিঠি পাঠায় এনবিআর। এনবিআরের অতিরিক্ত কমিশনার ওয়াহিদা রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

২০০৬ সালের কয়েক মাস ধরে সিম ট্যাক্স না দিয়ে বরং এ বিষয়ে সরকারের বিরুদ্ধে মামলা করেছিল চারটি মোবাইল ফোন অপারেটর। চার অপারেটরের কাছে সরকারের সিম ট্যাক্স হিসেবে পাওনা ছিল মোট ৭৪১ কোটি ৬১ লাখ টাকা। সে সময় মোবাইল অপারেটরদের পক্ষে এ বিষয়ে মামলা করেছিলেন সাংবাদিক আবু সাইদ খান। ফলে বিষয়টি দীর্ঘ ছয় বছরের মতো আটকে থাকে।

গত ১ আগষ্ট ২০১২ তারিখে এ বিষয়ে মামলার রায় হয়। তাতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জয়ী হয়েছে। এর আগে ২৮ আগষ্ট ২০১২ তারিখে এনবিআর চার অপারেটরকে টাকা পরিশোধের জন্যে চিঠি দেয়। পরে আরো একবার তাগাদা দেওয়া হয় অপারেটর চারটিকে।

উল্লেখ্য, গত মঙ্গলবার টাকা পরিশোধের শেষ দিনে সরকারেকে বকেয়া হিসেবে ৩৪৮ কোটি টাকা দিয়েছে গ্রামীণফোন। তবে অন্য তিন অপারেটর বাংলালিংক, রবি এবং সিটিসেল তাদের বকেয়া পরিশোধ করেনি। তাই তাদের ব্যাংক হিসাব জব্দ করার উদ্যোগ নিয়েছে এনবিআর।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি অপারেটরের কর্মকর্তা জানিয়েছেন, তারা এই বিষয়ে কোর্টে যাবেন।