আইফোন উন্মোচনের প্রাক্কালে অফলাইন হলো অ্যাপল স্টোর

PriyoTech's picture

(প্রিয় টেক) আজ সেই বিশেষ দিন। আর কিছুক্ষণ পর সান ফ্রান্সিসকোতে উন্মোচিত হবে আইফোনের নতুন সংস্করণ আইফোন ৫ বা দি নিউ আইফোন। আর এই অনুষ্ঠানের প্রাক্কালে প্রতিষ্ঠানটি তার অনলাইন স্টোরটি অফলাইন করে ফেলেছে। নতুন পণ্য ঘোষণার প্রারম্ভে এই কাজটি এখন অ্যাপলের জন্য নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে গিয়েছে।

সর্বমোট ১৮ টি ভাষায় প্রতিষ্ঠানটি তার স্টোর ব্যবহার করতে না পারার কারণে দুঃখ প্রকাশ করেছে। সেই হিসেবে আমরা ধরে নিতে পারি বিশ্বের মোট ১৮ টি দেশে একযোগে এই নতুন ফোনটি পাওয়া যাবে।

এতে অবশ্য একটা ব্যাপার নিশ্চিত হওয়া গিয়েছে, যে আসলেই নতুন কিছু আসছে। তবে ধারণা করা যাচ্ছে এই মুহূর্তে স্টোর থেকে শুধুমাত্র প্রাক-ক্রয় করাই সম্ভব হবে। তবে অ্যাপল স্টোর ছাড়াও আইক্লাউডও বন্ধ বলে জানা গিয়েছে। এই বন্ধের কারণ অবশ্য এখনো বোঝা যাচ্ছে না, বাগের কারণে হতে পারে অথবা আইফোন ৫ এবং আইওএস ৬ এর কারণে আইক্লাউডে বিশাল কোন পরিবর্তন আনা হচ্ছে বলে ধারণা প্রকাশ করেছে প্রযুক্তি সাইটগুলো।