সুনীল কান্তি বোস বিটিআরসি’র নতুন চেয়ারম্যান

(প্রিয় টেক) টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কমিশনের (বিটিআরসি)'-এর সদ্য প্রয়াত চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) জিয়া আহমেদের মৃত্যুর তৃতীয় দিনের মাথায় নতুন চেয়ারম্যানের নাম ঘোষনা হলো আজ। বর্তমানে টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব সুনীল কান্তি বোসকে বিটিআরসি'র নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৌখিকভাবে এই নিয়োগে সম্মতি দিয়েছেন বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা।

আজ দুপুর পৌনে দুটা'র দিকে মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু নিজেই মন্ত্রণালয়ের সব কর্মকর্তাদের এই খবরটি জানান। পরে অনেকেই এসে সচিবকে শুভেচ্ছাও জানান। এদিকে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সাফায়েতুর রহমান জানিয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রীর চূড়ান্ত অনুমতি পেলেই প্রেস বিজ্ঞপ্তি দিয়ে খবরটি প্রকাশ করবেন তারা।
সুনীল কান্তি বোসের সচিব পদের মেয়াদ শেষ হবে আগামী ডিসেম্বর। তবে ঠিক কখন থেকে বিটিআরসি’র দায়িত্ব তিনি নেবেন সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। গতকাল মাননীয় প্রধানমন্ত্রী মৌখিকভাবে তার সম্মতি জানালেও দাপ্তরিক কাজগুলো করতে এখনো কয়েক দিন লেগে যাবে। তবে যেদিন থেকেই তিনি চেয়ারম্যান হিসেবে যোগ দেবেন, সেই তারিখ থেকে ৩ বছরের জন্য তিনি নিয়োগ পাবেন বলে জানা গেছে। যেহেতু তিনি ডিসেম্বরেই অবসরে যাচ্ছিলেন, সেক্ষেত্রে তিনি সচিবের মেয়াদ পূর্ণ করে জানুয়ারীতেও তিনি বিটিআরসিতে যোগ দিতে পারেন। অন্যথায়, তিনি সরকারী দায়িত্ব থেকে অব্যহতি নিয়ে বিটিআরসির চেয়ারম্যান হবেন। সবকিছুই আগামী কিছুদিনের মধ্যেই পরিষ্কার হবে। এই বিষয়ে সুনিল কান্তি বোস জানিয়েছেন যে, তিনি এখনও পুরো সিদ্ধান্ত নেননি। নিয়োগের সকল প্রক্রিয়া সম্পন্ন হলেই তিনি সিদ্ধান্ত নেবেন।
এদিকে জানা গেছে, টেলিযোগাযোগ মন্ত্রী নিজে টেলিফোন করে খবরটি বিভিন্ন মোবাইল অপারেটরের কর্মকর্তাদের জানান। পরে সব অপারেটরের কর্মকর্তারা সুনীল কান্তি বোসকে শুভেচ্ছা জানাতে মন্ত্রনালয়ে ছুটে যান।
উল্লেখ্য যে, তিনি হবেন তৃতীয় বেসামরিক চেয়ারম্যান। এর আগে মেজর জেনারেল (অব:) জিয়া আহমেদ, এবং তার আগে মেজর জেনারেল (অব:) মঞ্জুরুল আলম বিটিআরসি’র চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। তার আগে দুই জন অবসরপ্রাপ্ত সচিব যথাক্রমে সৈয়দ মারগুব মোর্শেদ এবং ওমর ফারুক একই পদে ছিলেন। সব মিলে সুনীল কান্তি বোস পঞ্চম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেবেন।
জিয়া আহমেদ ২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি দায়িত্ব নেওয়ার পর চলতি বছরের একই সময়ে তার তিন বছরের মেয়াদ শেষ হয়। পরে আরো এক বছরের জন্যে তার চুক্তির মেয়াদ বৃদ্ধি করা হয়। গত সোমবার ভোর রাতে সাড়ে তিনটায় আকস্মিকভাবে তিনি মৃত্যু বরণ করেন।
সুনিল কান্তি বোস ১৯৭৯ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগ দেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রাণীবিজ্ঞানে স্নাতক এবং মাষ্টার্স করেন। তিনি পাকিস্তানের পেশোয়ার বিশ্ববিদ্যালয় থেকে ফরেস্ট্রি বিষয়ে দ্বিতীয় মাষ্টার্স করেন। তিনি কর্মজীবনে বিআরটিএ-এর চেয়ারম্যান, বিআইডবলিউটিএ-এর চেয়ারম্যান এবং ব্যান্সডকের ডিরেক্টর ছিলেন। বর্তমানে তিনি বিটিসিএল, বিএসসিসিএল, টেলিফোন শিল্প সংস্থা, ক্যাবল শিল্প সংস্থা এবং টেলিটক - এই পাঁটি সরকারী সংস্থার চেয়ারম্যান পদে আসীন রয়েছেন।












