২০০৬ সালের সিম ট্যাক্স ৩৪৮ কোটি টাকা জমা দিল গ্রামীণফোন

PriyoTech's picture

বন্ধ হতে পারে বাংলালিংক, রবি ও সিটিসেলের ব্যাংক অ্যাকাউন্ট

(প্রিয় টেক) ২০০৬ সালের কয়েক মাস ধরে সিম ট্যাক্স না দিয়ে বরং এ বিষয়ে সরকারের বিরুদ্ধে মামলা করেছিল চারটি মোবাইল অপারেটর। সেই মামলায় হেরে যাওয়ার ফলে সে সময়ের বকেয়া হিসেবে আজ মঙ্গলবার টাকা পরিশোধের শেষ দিনে সরকারেকে ৩৪৮ কোটি টাকা দিয়েছে গ্রামীণফোন। তবে অন্য তিন অপারেটর বাংলালিংক, রবি এবং সিটিসেল তাদের বকেয়া পরিশোধ করেনি।

চার অপারেটরের কাছে সরকারের সিম ট্যাক্স হিসেবে পাওনা ছিল মোট ৭৪১ কোটি ৬১ লাখ টাকা। সে সময় এ বিষয়ে মামলা করেছিলেন সাংবাদিক আবু সাইদ খান। গত ১ আগষ্ট ২০১২ তারিখে এ বিষয়ে মামলার রায় হয়। তাতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জয়ী হয়েছে। এর আগে ২৮ আগষ্ট ২০১২ তারিখে এনবিআর চার অপারেটরকে টাকা পরিশোধের জন্যে চিঠি দেয়। পরে আরো একবার তাগাদা দেওয়া হয় অপারেটর চারটিকে।

তবে এখন নিয়ম অনুসারে বাংলালিংক, রবি এবং সিটিসেলের ব্যাংক অ্যাকাউন্ট থেকে এনবিআর এই টাকা কেটে নেওয়া বা ব্যাংক হিসেব ফ্রিজ করে দিতে পারে। এনবিআরের অতিরিক্ত কমিশনার ওয়াহিদা রহমান এমন আইনের কথা জানিয়েছেন। তিনি জানান, টাকা না পাওয়ায় এখন তারা আইন অনুসারে এগুবেন।

মঙ্গলবারই বকেয়ার সিম ট্যাক্সের ৩৪৮ কোটি পরিশোধের খবর নিশ্চিত করেছেন গ্রামীণফোনের রেগুলেটরি অ্যাফেয়ার্স বিভাগের প্রধান মাহমুদ হোসাইন।