জিয়া আহমেদ ছাড়া বিটিআরসি’র এক দিন

PriyoTech's picture

(প্রিয় টেক) সাড়ে তিন বছর পর জিয়া আহমেদকে ছাড়া আজ প্রথম দিন পার করল টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কমিশনের (বিটিআরসি)। সোমবার ভোর রাত সাড়ে তিনটার সময় মারা যান তিনি। তার মৃত্যু উপলক্ষ্যে মঙ্গলবার বিটিআরসিতে কোরআন খানি অনুষ্ঠিত হয়েছে। পরে কোনো একদিন মিলাদ হবে বলেও জানিয়েছেন কর্তৃপক্ষ।

পরিবর্তিত পরিস্থিতিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ। দায়িত্ব গ্রহনের পরপরই তিনি বিটিআরসি’র সিনিয়র কর্মকর্তাদের নিয়ে বৈঠকও করেছেন। বৈঠকে ইতিপূর্বে নেওয়া সিদ্ধান্তগুলো ধরে এগিয়ে যাওয়ার বিষয়টি আলোচনা হয়।

এদিকে মঙ্গলবার জাতীয় সংসদে টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সেটিও স্থগিত করা হয়। এই বৈঠকে ভিওআইপি পরিস্থিতি নিয়ে আলোচনা করার কথা ছিল মেজর জেনারেল (অব.) জিয়া আহমেদের। এ বিষয়ে বিটিআরসি’র একটি বক্তব্যও রোববার চূড়ান্ত করা হয়েছিল। গতকাল বিটিআরসি’র এসব বক্তব্য নিয়েও ভাইস চেয়ারম্যানের বৈঠকে আলোচনা হয়েছে।

বৈঠক সূত্র জানিয়েছে, ওখানে দশ সেকেন্ডের পালসসহ আরো কয়েকটি বিষয়েও আলোচনা হয়। এতে বলা হয়, পেছনে ফিরবে না বিটিআরসি।

এর আগে ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি তিন বছরের জন্য বিটিআরসির চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ পান জিয়া আহমেদ। পরে গত ২১ ফেব্রুয়ারি সেই মেয়াদ শেষ হওয়ার পর আরো এক বছরের জন্য তাকে নিয়োগ দেওয়া হয়।