অনলাইন ম্যালওয়্যার স্ক্যানার ভাইরাসটোটালকে কিনে নিলো গুগল

(প্রিয় টেক) অনলাইন ভিত্তিক ম্যালওয়্যার স্ক্যান সাইট ভাইরাসটোটাল কে অধিগ্রহণ করলো গুগল। ভাইরাসটোটাল এক ব্লগ পোস্টের মাধ্যমে এ তথ্য প্রকাশ করেছে।
ভাইরাস টোটাল অনলাইন ভাইরাস স্ক্যান এবং লিংক স্ক্যানিং এর জন্য সাইবার বিশ্বে বেশ সুপরিচিত। তাদের সাইটে ফাইল আপলোড করে সেটা স্ক্যান করিয়ে নেওয়া সম্ভব, অথবা একটা লিঙ্ক দিয়ে সেই লিঙ্ক কিংবা যদি ডাউনলোড লিংক হয়, তবে সেই ফাইলটাও স্ক্যান করিয়ে নেওয়া যেতে পারে। ৪০ টি বিখ্যাত অ্যান্টিভাইরাস ব্যবহৃত হয় এই সাইটে স্ক্যানের জন্য। বিট-ডিফেন্ডার, ক্যাসপারেস্কি, নরটন, ক্লেম উইন, এফ সিকিউর সহ আরো অনেক গুলো।

শুধু তাই নয়, আপনি চাইলে এদের ডেস্কটপ অ্যাপ্লিকেশন ব্যবহার করে সাইটে প্রবেশ না করেই স্ক্যান করতে পারেন, অথবা তাদের ব্রাউজার প্লাগিন ব্যবহার করে সরাসরি স্ক্যান করাতে পারেন আপনার ফায়ারফক্স, ক্রোম অথবা ইন্টারনেট এক্সপ্লোরার থেকে।
ভাইরাস টোটাল জানিয়েছে, তারা গুগল থেকে স্বাধীন ভাবে কাজ করবে, তবে তাদের কাজের মান উন্নয়নে তারা গুগল এর অবকাঠামো ব্যবহার করতে পারে। গুগল এর পক্ষ থেকে টেকক্রাঞ্চকে দেওয়া এক সংবাদে জানানো হয়েছে যে গুগল ভাইরাস টোটাল কে তাদের অবকাঠামো ব্যবহার করতে দেবে যাতে তারা তাদের সেবার উন্নয়ন ঘটাতে পারে।
ভাইরাস টোটাল আরো জানিয়েছে যে, গুগল এর এই পদক্ষেপ এর কারনে অ্যান্টিভাইরাস নির্মাতা এবং গবেষনা প্রতিষ্টান গুলোর সাথে তাদের সম্পর্কের কোন ধরনের অবনতি হবে না। উল্লেখ্য ভাইরাস টোটাল কে প্রতিটি অ্যান্টিভাইরাস নির্মাতা প্রতিষ্টান এবং গবেষনাগার তাদের নিয়মিত ভাইরাস আপডেট পাঠিয়ে থাকে।
ভাইরাস টোটাল টিম আশা করছে তারা তাদের সেবার আরো উন্নয়ন ঘটাতে পারবে।











