টেলিযোগাযোগ আইনে অবৈধ হতে পারে টেলিটকের থ্রি জি!

(প্রিয় টেক) বাংলাদেশের টেলিযোগাযোগ আইন অনুসারে, লাইসেন্স ছাড়া টেলিযোগাযোগ সেবা দিতে পারবে না কেউ। আর এই আইন ভঙ্গ করলে অন্তত তিন’শ কোটি টাকা জরিমানার বিধান রাখা আছে। কিন্তু সরকারের তৈরী করা এই আইন তারা নিজেরাই ভঙ্গ করতে যাচ্ছে।
এখনো পর্যন্ত তৃতীয় প্রজন্মের (থ্রি জি) মোবাইল প্রযুক্তির লাইসেন্স দেওয়া হয়নি কোনো অপারেটরকে। অথচ এরই মধ্যে থ্রি জি সেবা দেওয়ার আয়োজন সম্পন্ন করেছে রাষ্ট্রায়াত্ত্ব মোবাইল ফোন অপারেটর টেলিটক। নিয়মানুসারে টেলিকম নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি থেকে এ বিষয়ে লাইসেন্স নেওয়া, এমনি কি যন্ত্রপাতি আমদানির জন্যেও তাদের অনুমোদন দেওয়ার কথা। কিন্তু এর কোনো কিছুই করা হয়নি আইন মেনে। বরং এর প্রতিটি ক্ষেত্রে আইনের লংঘন হয়েছে। তবে সরকারের অপারেটর বলে বিটিআরসি আবার কিছু বলতেও পারছে না। তবে, এর মধ্যেই টেলিটককে লাইসেন্স দিয়ে দিলে তা বৈধ্যতা পেয়ে যাবে অবশ্য।
এদিকে বিটিআরসি’র জন্মের সময় নির্ধারিত উদ্দেশ্যেও সুস্পস্টভাবে বলা আছে, তারা অপারেটরগুলোর মধ্যে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরী করবে। কোনো একটি সিদ্ধান্ত যাতে অপারেটর ভেদে বৈষম্য তৈরী না করে সেটিও নিশ্চিত করবে তারা। কিন্তু টেলিটকের থ্রি জি সেবা দেওয়ার মাধ্যমে এক্ষেত্রে সুস্পস্টভাবে বৈষম্য তৈরী হচ্ছে।
এসব বিষয়ে জানতে যোগাযোগ করা হলে টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান বলেন, সরকারের কাছে অনুমোদন চেয়ে পেয়েছেন তারা। কোন ধারায় বা কোন নিয়মে সেবা দেওয়া হচ্ছে সেটি তাদের কাছে মুখ্য নয়। তাছাড়া ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে টেলিটক যাতে ভূমিকা রাখতে পারে সে জন্যে সরকার থ্রি জি’র এই প্রকল্পটি সাজিয়েছে।
জানা গেছে, চলতি মাসের ২৭ থেকে ৩০ তারিখের মধ্যে কোনো একদিন থ্রি জি প্রযুক্তি চালু করার জন্যে প্রস্তুতিও শেষ করেছে টেলিটক। ইতিমধ্যে এই চার দিনের মধ্যে সময় চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সময় চেয়ে চিঠিও দিয়েছে তারা। গত মঙ্গলবার এ সংক্রান্ত একটি চিঠি টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে পাঠিয়েছে অপারেটরটি।
প্রথমে ঢাকা এবং ঢাকার পাশ্ববর্তী এলাকায় এই সেবা দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। সেক্ষেত্রে সাভার-আশুলিয়া এবং নারায়নগঞ্জ-গাজীপুর এলাকায়ও প্রথম থেকেই এই সেবা পাওয়া যাবে। ডিসেম্বরের মধ্যেই চট্টগ্রামে থ্রি জি সেবা দিতে প্রস্তুতি নেওয়া হচ্ছে। পরে জানুয়ারিতে সিলেটেও এই সেবার বিস্তার ঘটাবে টেলিটক। তখন আট লাখ গ্রাহক হবে বলে দাবি করছে কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক।












