তৃতীয় অপারেটর হিসেবে দুই কোটি গ্রাহক পেল রবি

(প্রিয় টেক) গ্রামীণফোন ও বাংলালিংকের পর তৃতীয় অপারেটর হিসেবে রবিও দুই কোটি গ্রাহকের ল্যান্ডমার্ক অতিক্রম করেছে। গত ২ সেপ্টেম্বর তারা এই ল্যন্ডমার্ক অতিক্রম করে। এর আগে দুই বার করে তারা এক কোটি গ্রাহকের ল্যান্ডমার্ক পেরুতে হয়। প্রথমবার ২০০৯ সালের আগষ্টে এক কোটি গ্রাহকের হিসেবে ঢোকে অপারেটরটি। কিন্তু মাত্র তিন মাসের মধ্যেই আবার তাদের গ্রাহক ৮৮ লাখে নেমে গিয়েছিল। পরে সেখান থেকে ফিরে এসে ২০১০ সালে নতুনভাবে যাত্রা করে অপারেটরটি।
রবি’র এ অর্জনের পেছেনে দীর্ঘদিনের পরিশ্রমের কথা উল্লেখ করে অপারেটরটির ব্যবস্থাপনা পরিচালক মাইকেল ক্যুনার বলেন, এটি তাদের জন্য একটি স্মরণীয় মূহুর্ত। রবি পরিবারের সবার আন্তরিক প্রচেষ্টার কারণে এ দেশের গ্রাহকরা সবচেয়ে পছন্দনীয় মোবাইল ফোন অপারেটর হিসেবে আমাদের মনে করছে।
রবি জানিয়েছে, এ দেশে এপর্যন্ত ১০ হাজার কোটি টাকার বেশি বিনিয়োগ করেছেন তারা।
এর আগে ২০০৮ সালের জুনে গ্রামীণফোন প্রথম দুই কোটি গ্রাহকের ল্যন্ডমার্ক অতিক্রম করে। তার প্রায় আড়াই বছর পর ২০১০ সালের নভেম্বরে এই সাফল্য অর্জন করে বাংলালিংক। বর্তমানে গ্রামীণফোনের গ্রাহক চার কোটি পেরিয়ে গেছে। আর বাংলালিংক আছে ২ কোটি ৫৬ লাখ গ্রাহক নিয়ে।
বর্তমানে রবিতে ৮ হাজার ৩৯২ টি বিটিএস এবং ৭০০ কিলোমিটারেরও বেশি অপটিক্যাল ফাইবার স্থাপন করেছে। কোম্পানিটির ৪০ লাখেরও বেশি ইন্টারনেট গ্রাহক রয়েছে যারা এজের (EDGE) মাধ্যমে হাই স্টিক্সড ডাটা কানেকশন সেবা উপভোগ করছেন।













