জুকারবার্গের ঘোষণার পর ফেসবুকের শেয়ার মূল্য বৃদ্ধি

PriyoTech's picture

(প্রিয় টেক) যে উল্লাস বা উদ্দীপনা নিয়ে প্রতিষ্ঠানটিতে বিনিয়োগ করেছিলেন মার্কিন বিনিয়োগকারীরা তার অনেকটাই এখন উৎকণ্ঠায় পরিণত হয়েছে। গত কয়েক সপ্তাহ যাবত পুঁজি বাজারে শেয়ারের মূল্য কমতে কমতে $১৭.৫৫ মার্কিন ডলারে এসে দাঁড়িয়েছে। আর এ ক্ষেত্রে প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা ডাস্টিন মস্কোভিচের শেয়ার ছেড়ে দেবার ঘটনায় উদ্বিগ্ন হয়ে উঠেছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ সাইট ফেসবুকের বিনিয়োগকারীরা। এ অবস্থায় বিনিয়োগকারীদেরকে আশ্বস্ত করার জন্য প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গ আগামী এক বছরের মধ্যে কোন শেয়ার বিক্রয় করবেন না বলে ঘোষণা দিলেন। এ ঘোষণার পর প্রতিষ্ঠানটির শেয়ার মূল্য ৪.৮% বৃদ্ধি পায়।

গত বুধবার পুঁজি বাজারে ফেসবুকের সর্বশেষ মূল্য $১৮.৫৮ মার্কিন ডলার। যা মে মাসে প্রারম্ভিক শেয়ার মূল্য $৩৮ মার্কিন ডলার অপেক্ষা অর্ধেকেরও কম। গত কয়েক মাসে প্রতিষ্ঠানটির শেয়ার মূল্য কমেছে ৪৬ দিন, বেড়েছে ২৮ দিন আর অপরিবর্তিত থেকেছে ২ দিন।

মার্ক জুকারবার্গ ফেসবুকের প্রায় ৫০৪ মিলিয়ন শেয়ার এবং অপশনের মালিক। আগামী নভেম্বর মাস থেকে এই শেয়ার বিক্রয়ের অধিকার পাবেন তিনি। বাজারে ইতোমধ্যে ৬৯২ মিলিয়ন শেয়ার রয়েছে। আর এই মুহূর্তে জুকারবার্গ যদি তার শেয়ারগুলো বাজারে ছাড়তে শুরু করেন তাহলে বাজারে অস্থিরতা দেখা দিতে পারে এবং শেয়ার মূল্য আরো কমে যেতে পারে বলে আশঙ্কা করছেন বিনিয়োগকারী এবং বিশ্লেষকেরা।

ফেসবুক জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থার কাছে পাঠানো এক প্রতিবেদনে প্রধান নির্বাহী জুকারবার্গ শেয়ার বিক্রয় না করার ব্যাপারে তার অঙ্গীকার ব্যক্ত করেছেন। মার্ক ছাড়াও তার আরো দুইজন বোর্ডের সদস্য মার্ক অ্যান্ড্রিসেন এবং ডোনাল্ড গ্রাহাম 'এই মুহূর্তে' শেয়ার বিক্রয় করা ইচ্ছা পোষণ করছেন না বলে উল্লেখ করেছে।

তবে জুকারবার্গের শেয়ার বাজারে না এলেও আগামী কয়েক মাসের মধ্যে প্রায় ১.২ বিলিয়ন শেয়ার পুঁজি বাজারে আসতে পারে বলে ধারণা করা যাচ্ছে। এর মাঝে ফেসবুকের কর্মীদের শেয়ারও রয়েছে, যারা ২৯ অক্টোবর থেকে শেয়ার বিক্রয় করার অধিকার পাবে।

প্রতিষ্ঠানটি সহ-প্রতিষ্ঠাতা ডাস্টিন মস্কোভিচ অবশ্য তার শেয়ার ইতোমধ্যে বিক্রয় করতে শুরু করেছেন এবং দৈনিক প্রায় ১ লক্ষ ৫০ হাজার শেয়ার বিক্রয় করছেন। প্রতি তিন দিন পরপর তিনি বিক্রয়ের হিসাব প্রকাশ করছেন এবং আরো ১৩২ মিলিয়ন শেয়ার তার কাছে রয়েছে বলে জানিয়েছেন। ডাস্টিন ছাড়াও প্রতিষ্ঠানটির বিনিয়োগকারী পিটার থিয়েল সম্প্রতি তার শেয়ারগুলো বাজারে ছাড়তে শুরু করেছেন। প্রতিষ্ঠানের সাথে জড়িত ব্যক্তিদের এভাবে শেয়ার বিক্রয় করা লক্ষ্য করে সাধারণ বিনিয়োগকারীরা প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ সম্পর্কে সন্দিহান হয়ে উঠেছে।