ভিওআইপি: এক বছরে বৈধ আন্তর্জাতিক কল দৈনিক ৫২ মিলিয়ন থেকে কমে ২৫ মিলিয়ন মিনিটে দাঁড়িয়েছে

(প্রিয় টেক) গত বছর অক্টোবরের শুরুতে প্রতিটি ছুটির দিনে বৈধ পথে আসা আন্তর্জাতিক ইনকামিং কলের পরিমাণ ছিল পাঁচ কোটি ২০ লাখ মিনিট। অন্য দিনগুলোয় সেই কল সর্ব নিম্ন সাড়ে চার কোটি মিনিট পর্যন্ত নামত। আর এ বছর সেপ্টেম্বরের শুরু তা নেমে এসেছে আড়াই কোটি মিনিটে। ফলে প্রতিদিনই সরকারের ক্ষতির পরিমাণ অন্তত কয়েক কোটি টাকায় গিয়ে ঠেকেছে।

সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক টেলিফোন কল কমে আসার এই তথ্যে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসিও উদ্বিগ্ন। সেই উদ্বেগ থেকেই আজ বৃহস্পতিবার বিদ্যমান আন্তর্জাতিক গেটওয়েগুলোকে (আইজিডব্লিউ) নিয়ে বৈঠক করে তারা। সেখানে এক পক্ষ আরেক পক্ষকে দোষারোপের মাধ্যমেই শেষ হয়েছে বৈঠক।
তবে বৈঠকে এ বিষয়ে আলোচনা হয় যে, রাষ্ট্রায়ত্ত ল্যান্ডফোন অপারেটর বিটিসিএলের মোট কলের পরিমাণ অনেক কমলেও তাদের এসটিএম ওয়ানের সংখ্যা বেড়েছে। বিষয়টিতে বিটিআরসি মনোযোগ দিচ্ছে। তবে বৈঠক সূত্র জানিয়েছে, প্রতিটি আইজিডব্লিউ’র কলের পরিমাণ কিছু না কিছু কমেছে।
বৈঠকে সিদ্ধান্ত হয়, আগামী সপ্তাহ থেকে বাইরের বিশেষজ্ঞ নিয়ে সবগুলো আইজিডব্লিউ স্থাপনা পরিদর্শন করবে বিটিআরসি। এর আগে একই প্রস্তাব দেওয়া হলে মন্ত্রণালয় তাতে আপত্তি জানায়। কিন্তু আবার এমন প্রস্তাব বিটিআরসি মন্ত্রণালয়ে পাঠাবে না।
পরে এই বৈঠক বিষয়ে বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) জিয়া আহমেদ বলেন, সব গেটওয়ে অপারেটর ও বিশেষজ্ঞদের নিয়ে একটা টিম করা হয়েছে। এখন থেকে এই টিমের সদস্যরা সব সুইচ রুম পরিদর্শন করবে। ফলে কারো কোন অভিযোগ থাকবে না। খুব শিগগিরই এ ব্যাপারে একটা সমাধান হবে বলে আশা করেন তিনি।










