নতুন লুমিয়া ঘোষণার পর ১০% শেয়ার কমে গেল নোকিয়ার

(প্রিয় টেক) নোকিয়া সম্প্রতি তাদের নতুন দু'টি লুমিয়া ডিভাইসের ঘোষণা দিয়েছে। মাইক্রোসফটের সঙ্গে যৌথভাবে অনুষ্ঠিত প্রেস কনফারেন্সে নোকিয়া উইন্ডোজ ৮ চালিত লুমিয়া ৮২০ ও ৯২০ ঘোষণা করে। তবে নতুন প্রজন্মের এই সেট দেখে খুব একটা খুশি হতে পারেননি নোকিয়ায় বিনিয়োগকারীরা। যে কারণে নতুন ফোন ঘোষণার মাত্র এক ঘণ্টার মধ্যেই ১০% শেয়ার কমে গেছে নোকিয়ার।

সূত্র জানিয়েছে, নোকিয়ার নতুন লুমিয়া সেটগুলোয় ওয়্যারলেস চার্জিং-এর মতো নতুন কিছু বৈশিষ্ট্য যোগ করা হয়েছে। এছাড়াও অনেক রিভিউয়ার একে 'ইমপ্রেসিভ' ডিভাইস বলে মন্তব্য করেছেন। কিন্তু এরপরও নোকিয়া এই ডিভাইসদ্বয় দিয়ে গুগলের অ্যান্ড্রয়েড-চালিত শত শত স্মার্টফোন আর অ্যাপলের আইফোনের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে পারবে না এমন ধারণা করছেন অনেকে। হাফিংটন পোস্টের মতে, সম্ভবত এটিই বিনিয়োগকারীদের হতাশ করে তুলেছে।
গত ৬ বছরে অ্যাপল ও গুগল তাদের স্মার্টফোন ও ট্যাবলেট বাজারে এনে নোকিয়ার বাজার কেড়ে নিয়েছে। বিশ্লেষকদের মতে, এরপর থেকে নোকিয়া বেশ জোরেসোরে চেষ্টা করে গেলেও হারানো বাজার আজও ফিরে পায়নি তারা। ধারণা করা হচ্ছিল, নতুন স্মার্টফোন ও উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেম দিয়ে আবারও বাজিমাৎ করবে নোকিয়া। যদিও সেটগুলো এখনও বাজারেই আসেনি তাই এগুলোর জনপ্রিয়তা সম্পর্কে এখনই কিছু বলা যাচ্ছে না, তবুও বিনিয়োগকারীদের মধ্যে বিরূপ প্রভাব দেখা গেল।
লুমিয়ার নতুন স্মার্টফোনগুলো বাজারে বাজিমাৎ না করলে কোম্পানিটির ভবিষ্যত অন্ধকার বলেও মন্তব্য করেছেন অনেকে।













