অনুমোদনহীন সেবা দেওয়ায় রবিকে বিটিআরসি’র শোকজ

(প্রিয় টেক) বাংলাদেশে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা - বিটিআরসি’র অনুমোদন না নিয়েই কিছু সেবা দেওয়ায় দেশের তৃতীয় গ্রাহক সেরা অপারেটর রবিকে শোকজ করা হয়েছে। আজ সোমবার সকালে রবি বরাবর এই শোকজের চিঠি পাঠানো হয়। ত্রিশ দিনের মধ্যে এ বিষয়ে রবিকে ব্যাখ্যা দিতে বলা হয়েছে বলে জানিয়েছে বিটিআরসি।
‘এবার হবেই’ শিরোনামের অফারসহ মোবাইলের মাধ্যমে বিজ্ঞাপন প্রচার করে আসছিল মোবাইল ফোন কোম্পানী রবি। বিটিআরসি বলছে, এটিতে তাদের অনুমোদন নেই। সে কারণেই শোকজ করা হয়েছে। তবে গ্রহনযোগ্য উত্তর না পাওয়া গেলে সেক্ষেত্রে গ্রাহকের টাকা ফেরত দেওয়াসহ আর্থিক জরিমানা করা হবে।
বিটিআরসি’র চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) জিয়া আহমেদ এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, অনুমোদন না নিয়ে সেবা দেওয়া যাবে না। সে কারণেই রবিকে এই শোকজ করা।
তবে রবি’র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মাহমুদুর রহমান বলছেন, বিটিআরসি’র বক্তব্যের সঙ্গে একমত নন তারা। তিনি জানান, তারা চিঠি পেয়েছেন। তবে যেসব বক্তব্য সেখানে লেখা হয়েছে সেটির সঙ্গে রবি দ্বিমত পোষন করে। যথাযথ জবাব দিয়ে এ সংক্রান্ত জটিলতার অবসান করা হবে বলেও জানিয়েছেন তিনি।
তবে সংশ্লিষ্টরা জানিয়েছেন, "এবার হবেই" অফারের মাধ্যমে রবি আর্থ সামাজিক উন্নয়নের কথা বলে বড় তহবিল সংগ্রহ করেছে। বিটিআরসি’র একটি সূত্র বলছে, টাকা সংগ্রহ এবং তা খরচের ক্ষেত্রে স্বচ্ছতার অভাব রয়েছে। একই সঙ্গে মোবাইল ফোন অপারেটরের কাজের মধ্যে এটি পড়ে না।
রবি জানুয়ারির শেষ সপ্তাহে ‘এবার হবেই’ ক্যাম্পেইন শুরু করে। রবি কর্তৃপক্ষ জানিয়েছে, এই ক্যাম্পেইনের মাধ্যমে রবি গ্রাহকরা নিজ এলাকায় মসজিদ, মন্দির, স্কুল, স্বাস্থ্যসেবা কেন্দ্র, পাঠাগার, এমনকি ক্লাব প্রতিষ্ঠা করতে পারে। তবে বিটিআরসি বলছে, এখন পর্যন্ত একটি মসজিদ-স্কুল হয়েছে বলে খবর পাননি তারা।
এর আগে দ্বিতীয় গ্রাহক সেরা অপারেটর বাংলালিংকে একটি প্যাকেজের জন্যে ১০ লাখ টাকা জরিমানা করেছে বিটিআরসি। একই সঙ্গে এক মাসের মধ্যে গ্রাহকের ৯২ কোটি ৩৩ লাখ ৫৫ হাজার ৫২৪ টাকাও ফেরত দিতে বলা হয়েছে তাদের।













