মেধাস্বত্ব সংক্রান্ত বিষয়ে আলোচনায় চলছে টিম কুক এবং ল্যারি পেজ এর মধ্যে

(প্রিয় টেক) গুগলের প্রধান নির্বাহী ল্যারি পেজ ও অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক মেধাস্বত্ব সংরক্ষণ বিষয় নিয়ে পর্দার আড়ালে আলোচনা চালাচ্ছে বলে রয়টারের সূত্রে জানিয়েছে এনগ্যাজেট। ধারণা করা বিশ্বের বিভিন্ন দেশে অ্যানড্রয়েড ভিত্তিক মোবাইল পণ্য নির্মাতাদের সাথে অ্যাপলের যে যুদ্ধ চলছে তার সমঝোতায় পৌঁছানোর জন্য এই আলোচনা অনুষ্ঠান চলছে।

সূত্র অনুযায়ী, ল্যারি পেজ ও টিম কুক গত সপ্তাহে টেলিফোনে কথা বলেন এবং একত্রিত হবার পরিকল্পনা গ্রহণ করেন। উচ্চপর্যায়ের এ আলোচনার পাশাপাশি নিম্ন পর্যায়ের কর্মকর্তারাও আলোচনা চালিয়ে যাচ্ছেন বলে খবর পাওয়া গিয়েছে।
তবে এ আলোচনার পরিধি কতটুকু, অথবা আসলেই কোন বিষয়ে আলোচনা করছে প্রতিষ্ঠান দুটো সে ব্যাপারে বিস্তারিত কোন তথ্য পাওয়া যায় নি। এর আগেও একাধিকবার আলোচনায় বসলেও অ্যাপল ও গুগলের মধ্যকার দ্বন্দ্বের সুরাহা হয়নি। তবে উভয় পক্ষই সমাধানের লক্ষ্যে আলোচনা চালিয়ে যাওয়ার আশা প্রকাশ করেছে।
এদিকে অল থিংগসডি তাদের সূত্র থেকে জানতে পেরেছে মটোরোলা অধিগ্রহণের সূত্রে গুগল নিজেই অ্যাপলের কিছু দড়ির প্রান্ত ধরে থাকার কারণে অ্যাপল এই মুহূর্তে গুগলের সাথে আলোচনায় বসতে রাজি হয়েছে। মটোরোলা মোবিলিটির পেটেন্ট ভঙ্গের দায়ে বেশ কিছু মামলার শিকার এখন অ্যাপল এবং সম্প্রতি প্রতিষ্ঠানটিকে মটোরোলা শুধুমাত্র জার্মানিতে ব্যবহারের জন্য বেশ কিছু পেটেন্টের অনুমতি প্রদান করেছে।













