ছয় বছরের পুরনো মামলায় হেরে চার অপারেটরকে দিতে হবে ৭৪১ কোটি টাকা

(প্রিয় টেক) মোবাইল ফোনের সিমের ওপর ট্যাক্স দেওয়া লাগবে কি লাগবে না সে বিষয়ে ২০০৬ সালের একটি মামলায় হেরে গিয়ে ৭৪১ কোটি ৬১ লাখ টাকা ট্যাক্স দিতে হচ্ছে চার মোবাইল ফোন অপারেটরকে। সে সময় এ বিষয়ে মামলা করেছিলেন সাংবাদিক আবু সাইদ খান (বর্তমানে অ্যাসোসিয়েশন অফ মোবাইল অপারেটর্স অফ বাংলাদেশের সেক্রেটারী)। গত ১ আগষ্ট ২০১২ এ বিষয়ে মামলার রায় হয়। তাতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জয়ী হয়েছে।

সোমবার বিকালে এ বিষয়ে গ্রামীণফোন, বাংলালিংক, রবি এবং সিটিসেলকে ট্যাক্স পরিশোধের জন্যে চিঠি দিয়েছে এনবিআর। এনবিআরের অতিরিক্ত কমিশনার ওয়াহিদা রহমান জানিয়েছেন, সাত দিন সময় দিয়ে তাদেরকে টাকা দিতে বলা হয়েছে। টাকা না পাওয়া গেলে আইন অনুসারে তারা এগুবেন বলেও জানান।
বকেয়ার মধ্যে কেবল গ্রামীণফোনেরই রয়েছে ৩৪৮ কোটি টাকার হিসেব। তবে গ্রামীণফোনের রেগুলেটরি অ্যাফেয়ার্স বিভাগের প্রধান মাহমুদ হোসাইন বলছেন, এনবিআরের এই মামলার রায়ের সার্টিফাইড কপি এখনো আমরা হাতে পাইনি। কপি পাওয়ার পরে সে অনুসারে তারা এগুবেন বলে জানান। তিনি আরো বলেন, সংক্ষিপ্ত রায় দেখে অনেক সময়ই বোঝা যায় না কি বলা হয়েছে। সে কারণে কিছুটা অপেক্ষা করতেই হবে।
তবে ওয়াহিদা রহমান জানান, সাত দিন সময় দেওয়া হয়েছে। এর মধ্যে চার অপারেটর টাকা না দিলে আরো সাত দিন সময় দিয়ে চিঠি দেওয়া হবে। তাতেও টাকা না আসলে আইন অনুসারে ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা বা অন্য কোনো দিকে অগ্রসর হবেন তারা।
এর আগে ১ আগষ্ট ২০১২ তারিখের মামলার রায়ের পর ৬ আগষ্ট চার অপারেটরকে এ বিষয়ে প্রথম অবহিত করা হয়। পরে ১৪ আগষ্ট আরো একবার তাদেরকে চিঠি দেয় এনবিআর।













