দেশের প্রথম হাইটেক পার্ক নির্মাণে জটিলতা

priyodesk's picture

(প্রিয় টেক) দেশের প্রথম হাইটেক পার্ক নির্মাণ নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে। সম্প্রতি হাইটেক পার্কে রিব্লকিং করার উদ্যোগ নেয় বাংলাদেশ হাইটেক পার্ক অথোরিটি (বিএইচটিপিএ)। আর এই উদ্যোগের বিরোধিতা করেছে পার্কটির নির্মাণকাজে নিযুক্ত মালয়েশিয়ার নির্মাণ প্রতিষ্ঠান কুলিম টেকনোলোজি পার্ক কর্পোরেশন (কেটিপিসি)।

জানা গেছে , গাজীপুরের কালিয়াকৈর প্রস্তাবিত হাই টেক পার্কটি তিনটি ব্লকে বিভক্ত করার সিদ্ধান্ত নেয় বিএইচটিপিএ। এই জন্য একের অধিক নির্মাণকারী প্রতিষ্ঠানকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেয় বিএইচটিপিএ কর্তৃপক্ষ। কেটিপিসি বিএইচটিপিএর এই সিদ্ধান্তকে অবৈধ বলে আখ্যা দেয়। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা বলছে প্রকল্পের টেন্ডার প্রক্রিয়ার আরএফপি ( রিকোয়েস্ট ফর প্রপোজাল ) এই সংক্রান্ত কোন নীতিমালা ছিল না। আর রি ব্লকিং করার উদ্যোগ আরএফপি ধারা লঙ্ঘনের শামিল বলে মনে করে কেটিপিসির কর্মকর্তারা।

এই রকম পরিস্থিতিতে গত ৬ আগস্ট বিএইচটিপিএ এক চিঠির মাধ্যমে ১১ আগস্টের মধ্যে বিষয়টি সুরাহার সময়সীমা বেধে দেয়। অন্যথায় অন্যকোন নির্মাণকারী প্রতিষ্ঠানের মাধ্যমে প্রকল্পের কাজ সম্পন্ন করার কথা জানায় বিএইচটিপিএ। চিঠিতে বলা হয়, হাইটেক পার্ক নির্মাণ বর্তমান সরকারের অগ্রাধিকার ভিত্তিক প্রকল্প। আর তাই এই প্রকল্প নির্মাণে কোন গড়িমসি সহ্য করবে না সরকার। এই চিঠির জবাবে কেটিপিসি কর্তৃপক্ষ জানিয়েছে , আমরা এই প্রকল্পে যথাযথ স্বচ্ছতা নিয়ে উদ্বিগ্ন। কুলম টেকনোলোজির বিশ্বব্যাপী সুনাম অক্ষুণ্ণ রাখতে আমরা বর্তমান ও ভবিষ্যতের কোন প্রকল্পে দুর্নীতি মেনে নেব না।

দেশে তথ্য প্রযুক্তিখাতকে সম্প্রসারণ করার লক্ষ্যে হাইটেক পার্ক নির্মাণের সিদ্ধান্ত নেয় সরকার। পার্কে আইটি সফটওয়্যার , হার্ডওয়্যার , আইটি সংশ্লিষ্ট অন্যান্য শিল্প , টেলিযোগাযোগ , বায়োটেকনোলজি এবং ফার্মাসিটিকেল শিল্পকে অগ্রাধিকার দেওয়া হবে।

পার্কটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে সাতশ’ কোটি টাকা। এর অবকাঠামো নির্মাণ এখন পর্যন্ত সরকারের ব্যয় হয়েছে ২৪ কোটি টাকা। বিনিয়োগ বোর্ড ১৯৯৯ সালে ১৭ জুলাই রাজধানীর থেকে ৪০ কিলোমিটার দূরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় প্রায় ২৩২ একর জমিতে হাইটেক পার্ক স্থাপনের সিদ্ধান্ত নেয়।

সৌজন্যে: বণিক বার্তা